আবার পাশা খেলার ঘুঁটি ইউক্রেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভে পুলিশের গুলিতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা যে স্থানে মারা যান সেখানে ফুল দেন। ছবি: এএফপি
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভে পুলিশের গুলিতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা যে স্থানে মারা যান সেখানে ফুল দেন। ছবি: এএফপি

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে গণতান্ত্রিক ব্যবস্থা সেভাবে শিকড় গাড়তে পারেনি ইউক্রেনে। কিন্তু গত কয়েক দশকে এত খারাপ সময় আর আসেনি দেশটিতে।
সরকারবিরোধী বিক্ষোভকারীদের টানা আন্দোলনের মুখে পতন ঘটেছে ‘দুর্নীতিপরায়ণ, স্বৈরতান্ত্রিক আর মস্কোর হাতের পুতুল’ হিসেবে নিন্দিত প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের। গণবিক্ষোভ তুঙ্গে ওঠার একপর্যায়ে কদিন আগে পার্লামেন্ট তাঁকে পদচ্যুত করে। শেষ পর্যন্ত রাজধানী কিয়েভ ছেড়ে পালিয়ে যান ইয়ানুকোভিচ। এতেই শেষ নয়, অন্তর্বর্তী সরকার তাঁকে গ্রেপ্তার করার উদ্যোগ নিয়েছে।
বিশ্লেষকেরা অবশ্য ইউক্রেনের ঘটনাকে শুধু এক কর্তৃত্বপরায়ণ ও দুর্নীতিবাজ প্রেসিডেন্টের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ হিসেবে দেখছেন না। দেখছেন প্রভাববলয় ধরে রাখতে মরিয়া রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবেও। এ কারণে তাঁরা মনে করেন, চলমান পরিস্থিতির ওপর ইউক্রেন ও এর সাড়ে চার কোটি মানুষের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।
প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক সুদূরপ্রসারী অর্থনৈতিক চুক্তি বাতিল করে দিলে গোলযোগের সূত্রপাত হয়। সোভিয়েত আমলের সাবেক অভিভাবক রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ছিল প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের কারণ। এতে প্রভাবশালী রাশিয়া খুশি হলেও খেপে যান ইইউ-এর সঙ্গে ঘনিষ্ঠতায় আগ্রহী ইউক্রেনীয় রাজনীতিক ও সাধারণ মানুষ। ইউরোপের সঙ্গে মিলনের দীর্ঘদিনের স্বপ্ন রাতারাতি কবরস্থ হওয়ায় দেখা দেয় চরম হতাশা। প্রতিবাদে রাজপথে নামেন হাজারো মানুষ। কিয়েভের ইনডিপেনডেন্স স্কয়ার দখল করে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেন তাঁরা। ছাত্রদের ওপর পুলিশের হামলা, নতুন কঠোর বিক্ষোভবিরোধী আইন এবং রাজনৈতিক বিরোধী কর্মীদের অপহরণ ও মারধরের মতো বেশ কয়েকটি ঘটনা প্রতিবাদ-বিক্ষোভকে জোরদার করার পাশাপাশি তা ছড়িয়ে দেয়। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ভবন দখল করে বসেন বিক্ষোভকারীরা। তাঁদের অনেকের কাছেই অবশ্য ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতার চেয়ে অপ্রিয় এক প্রেসিডেন্টকে বিদায় করার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাঁদের মতে, প্রেসিডেন্ট জোর করে ক্ষমতা আঁকড়ে ছিলেন। দেশের স্বার্থের বদলে দেখেছেন নিজের ঘনিষ্ঠ চক্র ও মস্কোর স্বার্থ।
শেষ দিকে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ও বিরোধীদের মধ্যে কয়েকটি বিষয়ে মতৈক্যও হয়েছিল। তিন ইইউ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রেসিডেন্ট আগাম নির্বাচন আয়োজন এবং পার্লামেন্টের ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের চুক্তি করেন বিরোধীদের সঙ্গে। আরও বলা হয়, বিক্ষোভকারীরা দখল করা সরকারি ভবন ছেড়ে দিলে গ্রেপ্তার হওয়াদের ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্তে পার্লামেন্টের স্পিকার সংবিধান সংশোধনের বিষয়টি আলোচ্যসূচিতে রাখতে অস্বীকার করেন। এ খবর ছড়িয়ে পড়তেই কিয়েভে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়। দুদিনের বিক্ষোভ আর সংঘাতে নিহত হন প্রায় ৮০ জন।
প্রতিবাদ সবচেয়ে জোরদার ছিল কিয়েভ ও দেশের পশ্চিমাঞ্চলে। কারণ, ইউক্রেনের রুশভাষী পূর্ব ও দক্ষিণ অঞ্চলের তুলনায় পশ্চিম অংশের মানুষ ইউরোপের সঙ্গে নৈকট্য বোধ করে বেশি। তবে পূর্বাঞ্চলেও কিছু কিছু বিক্ষোভের ঘটনা ঘটেছে।
পার্লামেন্টে তিনটি বিরোধী দলের নেতারা কিয়েভের ইনডিপেনডেন্স স্কয়ারের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। আন্দোলনকে একটা ঐক্যবদ্ধ রূপ দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। এঁরা হলেন ইইউপন্থী উডার আন্দোলনের ভিতালি ক্লিৎসকো, প্রধান বিরোধী দল ফাদারল্যান্ডের আরসেনি ইয়াৎসেনিউক এবং কট্টর ডানপন্থী সভোবোদা দলের ওলেহ তিয়ানিবোক। তবে আন্দোলনকারী সবারই যে এঁদের প্রতি পূর্ণ সমর্থন আছে তা মনে করার কারণ নেই। বিশেষ করে ফাদারল্যান্ড পার্টি সাম্প্রতিক সময় ক্ষমতায় থাকার সময় নানা কারণে দুর্নাম কামিয়েছে।
পর্যবেক্ষকেরা বলছেন, ইউক্রেন নিয়ে একদিকে রাশিয়া ও অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ‘অতি আগ্রহের’ বিষয়টি নতুন কিছু নয়। ইতিহাসের বিভিন্ন সময়ে পূর্ব-পশ্চিমে টানাটানি চলেছে ভূখণ্ডটিকে নিয়ে। চলমান ঘটনা সেই পুরোনো পাশা খেলারই আরেক দফা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে চীন, যুক্তরাষ্ট্র ও ইইউয়ের সঙ্গে পাল্লা দিয়ে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করতে চান। এ লক্ষ্যে তিনি গড়তে চান শুল্কভিত্তিক জোট ‘ইউরেশিয়ান ইউনিয়ন’। পুতিনের প্রত্যাশা, ইউক্রেন হবে ইইউ-এর পাল্টা এ জোটের এক অতি গুরুত্বপূর্ণ অংশীদার। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ট্র্যান্সআটলান্টিক রিলেশনসের সঙ্গে যুক্ত মস্কোর মার্কিন দূতাবাসের সাবেক রাজনৈতিক কর্মকর্তা ডোনাল্ড জেনসেন মনে করেন, সম্পদশালী ইউক্রেন না যোগ দিলে তাতে থাকবেন কেবল গোটাকয় প্রায় গুরুত্বহীন মধ্য এশীয় স্বৈরশাসক।
অন্যদিকে ইইউ বলছে, জোটটির সঙ্গে ঘনিষ্ঠ হলে এবং একপর্যায়ে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলে ইউক্রেন শত শত কোটি ইউরোর সুবিধা পাবে। কারণ, এটি একদিকে যেমন দেশটির অর্থনীতির আধুনিকায়নে অবদান রাখবে, তেমনি বিশাল একক বাজারে প্রবেশেরও সুযোগ করে দেবে। ইইউ তার দ্বারপ্রান্তে থাকা শিল্পোন্নত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটির রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চায়। ইইউ মনে করে, দেশটিতে গণতন্ত্র ও মানবাধিকার মারাত্মকভাবে ভূলুণ্ঠিত হচ্ছে। কিন্তু দেশটির মানুষের নিজেদের ইচ্ছাটা কী? পূর্বাঞ্চলের অনেক অধিবাসী মনে করেন ইইউতে যোগ দিলে তাঁরা বেকার হয়ে পড়বেন। এঁরা চাকরি করেন সেইসব ভারী শিল্পে, যেগুলো কিনা রাশিয়ার বাজারের জন্য পণ্য উৎপাদন করে। অন্যদিকে পশ্চিম ইউক্রেনের অনেক মানুষই মনে করেন ইইউ-এর সদস্য হতে পারলে তাঁদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আইনের শাসন আসবে। এ দুই অঞ্চলের মধ্যকার সাংস্কৃতিক ও ভাষাগত ব্যবধানও বিস্তর।
মস্কো ২০০৪ সালের ‘অরেঞ্জ রেভল্যুশনের’ সময় প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে সমর্থন জানিয়েছিল। ওই সময় অভিযোগ ওঠে নির্বাচনে কারচুপির মাধ্যমে জিতেছেন ইয়ানুকোভিচ। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন রাশিয়া বরাবরই সুবিধামতো ‘মিঠেকড়া’ ব্যবহার করে এসেছে ইউক্রেনের সঙ্গে। দেশটির সরকার পদত্যাগ করলে রাশিয়া তার ঋণ স্থগিত ঘোষণা করে। আবার ইইউ-এর সঙ্গে চুক্তি সই করে ফেলছে এমন মনে হলে দেশটির ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে। ইইউ মস্কোর এ আচরণকে ‘অগ্রহণযোগ্য’ অর্থনৈতিক চাপ বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, ইইউ একই কাজ করছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্যের টোপ দেওয়া হচ্ছে ইউক্রেনকে।
যুক্তরাষ্ট্র মনে করে, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিদায়ে রাশিয়ার এ কথা মনে করা উচিত নয় যে শক্তির লড়াইয়ে তারা হেরে গেল। কিন্তু যুক্তরাষ্ট্র যা-ই বলুক, মস্কোর মনোভাব সেটাই। আর এ কারণেই এটা ধরে রাখা যায় যে ভবিষ্যতে ইউক্রেনের কপালে আরও অস্থিরতা আছে।
তথ্যসূত্র: বিবিসি ও বিভিন্ন বার্তা সংস্থা