আবার পুরোনোতে ফিরছে ব্ল্যাকবেরি

বর্তমানে স্মার্টফোন বিশ্ব যেখানে টাচস্ক্রিন নির্ভর কিবোর্ড আর টাচ ইন্টারফেসে ঝুঁকছে সেখানে ব্ল্যাকবেরি হাঁটছে উল্টো পথে। ভবিষ্যতে স্মার্টফোনের ক্ষেত্রে আবারও আগের মতো হার্ডওয়্যার কিবোর্ডে ফিরছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা জন চেন ব্ল্যাকবেরিকে আবারও পুরোনো ধাঁচে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি স্মার্টফোনে হার্ডওয়্যার কিবোর্ডযুক্ত ব্ল্যাকবেরি স্মার্টফোন বাজারে আনতে চাইছেন। অবশ্য এর পেছনে যুক্তিও রয়েছে। হার্ডওয়্যার কিবোর্ডযুক্ত স্মার্টফোনই ব্ল্যাকবেরিকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।
এর আগে নতুন ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমনির্ভর সফটওয়্যার কিবোর্ডের স্মার্টফোন বাজারে এনে মুখ থুবড়ে পড়েছিল ব্ল্যাকবেরি। জন চেন চাইছেন, ব্ল্যাকবেরিকে ঘুরে দাঁড় করাতে চাইলে এখন আবার হার্ডওয়্যার কিবোর্ডেই ফিরতে হবে। তাই ব্ল্যাকবেরি থেকে পরবর্তী যে স্মার্টফোনটি আসবে তা হবে পুরোনো মডেলের হার্ডওয়্যার কিবোর্ডযুক্ত।
জন চেনের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী হিসেবে তিনি যেমন হার্ডওয়্যার কিবোর্ডের ব্ল্যাকবেরি স্মার্টফোন চান তেমনি তাঁর ব্যক্তিগত পছন্দও এটি। মানুষের পছন্দের কথা মাথায় রেখে ভবিষ্যতে ব্ল্যাকবেরির স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ব্ল্যাকবেরির নতুন এই প্রধান নির্বাহী।