আবার শুরু হচ্ছে নাসার অ্যাপ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত অ্যাপ তৈরির প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা ও বরিশালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ এপ্রিল। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
গতকাল শনিবার বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। বেসিসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক রিয়াদ এস এ হোসেন, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান, ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ ফখরুল হাসান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম আশরাফুল আমিন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান তৌহিদ ভুইয়া।
একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যে কেউ নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে studentsforum.basis.org.bd ঠিকানার ওয়েবসাইটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তি