আবার শুরু হচ্ছে সিএফআইসিসি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি.নেট) আয়োজনে এবং সিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের প্রতিযোগিতা ‘সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস কম্পিটিশন (সিএফআইসিসি)’। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ব্যবসায়িক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগের জ্ঞান বাড়ানো।এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক স্তরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিকের কথা তুলে ধরেন ডি.নেটের কর্মসূচি পরিচালক মাহমুদ হাসান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের গ্লোবাল করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান আবরার এ আনোয়ার, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের পরিচালক ফকরুজ জামান, প্রতিযোগিতার অন্যতম সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) নির্বাহী পরিষদের সদস্য সুব্রত দেবনাথ, প্রথম সিএফআইসিসির বিজয়ী দলের সদস্যরাসহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় তিনটি ধাপের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিটি দলে পাঁচজন করে সদস্য থাকতে হবে। দুজন তথ্যপ্রযুক্তি ও দুজন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষকের সমন্বয়ে দল গঠন করতে হবে। ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে একটি সম্পর্ক তৈরি করার লক্ষ্যে এ আয়োজন চলবে। এবারের প্রতিযোগিতায় সেরা দলগুলোকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার ছাড়াও বিশেষ সহযোগিতা করা হবে। প্রতিযোগিতার বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে পাঁচ হাজার ডলার, প্রথম রানারআপ দল পাবে দুই হাজার ডলার এবং দ্বিতীয় রানারআপ দল পাবে এক হাজার ডলার। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করা যাবে www.ficc.dnet.org.bd ঠিকানার ওয়েবসাইটে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ এপ্রিল। —নুরুন্নবী চৌধুরী