আবারও অ্যাপল-নকিয়া দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটি বর্তমান সময়ের অন্যতম স্মার্টফোন নির্মাতা, অন্যটি মুঠোফোন নির্মাতা হিসেবে আগেই বিদায় নিয়েছে। তবু পেটেন্ট নিয়ে অ্যাপলকে চোখরাঙানি দিতে ছাড়েনি একসময়ের শীর্ষ মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। সে দ্বন্দ্ব এখন রীতিমতো পেটেন্ট যুদ্ধে পরিণত হয়েছে। অ্যাপলের ওয়েবসাইট থেকে কেনা যেত এমন যে পণ্যগুলো নিয়ে পেটেন্ট সমস্যা দেখা দিয়েছে, সেগুলো অ্যাপলের অনলাইন স্টোর থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
গুগলে খুঁজলে সার্চ ফলাফল হিসেবে অবশ্য এখনো দেখায়, কিন্তু সে লিংকে ক্লিক করলে অ্যাপল ডটকমে যে পণ্যটি পাওয়া যাচ্ছে না, সে বার্তা দেখায়।
চলতি সপ্তাহের শুরুর দিকে অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট আইন লঙ্ঘন করার জন্য মামলা করেছে নকিয়া। ২০১১ সালে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। কিন্তু নকিয়া এখন অভিযোগ করছে, ওই চুক্তি কোনোই কাজে আসেনি। নকিয়ার মামলাটি জার্মানি, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, সুইডেন, স্পেন, ফ্রান্স, হংকং, জাপান ও যুক্তরাজ্যের টেক্সাসের আদালতে নথিভুক্ত করা হয়েছে।
নকিয়া নিজে এখন আর মুঠোফোন উৎপাদন করে না। যদিও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে নকিয়ার নামে ফোন উৎপাদন করা হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানটি পেটেন্টের দাবিতে একটু বেশিই আগ্রাসী অবস্থান নিয়েছে।
এ ক্ষেত্রে অ্যাপলও পিছিয়ে নেই। বরং এক ধাপ এগিয়েই আছে বলা যায়। এ সপ্তাহের শুরুর দিকে অ্যাপলও বেশ কয়েকটি পেটেন্টধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে এই অভিযোগে যে অতিরিক্ত পেটেন্ট রয়ালটি পাওয়ার আশায় ওই প্রতিষ্ঠানগুলো নকিয়ার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে পেটেন্ট দ্বন্দ্ব এইবারই প্রথম না। এর আগেও ২০০৯ সালে অ্যাপল ও নকিয়ার মধ্যে পেটেন্ট দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এখন দেখার বিষয় প্রতিষ্ঠান দুটির মধ্যে আবারও সমঝোতা হবে, নাকি দেখা দেবে বড় আকারের পেটেন্ট যুদ্ধ।
মারিফুল হাসান, সূত্র: ম্যাশেবল