আবারও অ্যাসাঞ্জ-উইকিলিকস ঝড়
মার্কিন কূটনীতিকদের গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটফরের (স্ট্র্যাটেজিক ফরকাস্টিং) হাতিয়ে নেওয়া ৫০ লাখেরও বেশি গোপন ই-মেইল বার্তা প্রকাশ করা শুরু করেছে। ২৭ ফেব্রুয়ারি এ তথ্য দিয়েছে উইকিলিকস। প্রথম দিনে ২০০টি গোপন বার্তা প্রকাশ করে উইকিলিকসের পক্ষ থেকে জানানো হয়েছে, ই-মেইল বার্তাগুলো ২০১১ সালের ডিসেম্বর মাসের। তাদেরকে এ তথ্যগুলো দিয়েছিল হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস।জর্জ ফ্রেইডম্যানের হাত ধরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা পাওয়া স্ট্রাটফর হচ্ছে গোয়েন্দা তথ্যদাতা। অর্থের বিনিময়ে গ্রাহকদের বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও ঝুঁকি বিশ্লেষণ তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি। একে অনেক সময় ‘সিআইএ’-এর ছায়া বলা হয়ে থাকে। বর্তমানে এ প্রতিষ্ঠানটির তিন লাখেরও বেশি গ্রাহক রয়েছে। গত বছর ডিসেম্বর মাসে তাদের ডেটাবেইস হ্যাক হওয়ার কথা স্বীকার করেছিল স্ট্র্যাটফর। উইকিলিকস জানিয়েছে, ২০১১ সালের ডিসেম্বর মাসে স্ট্র্যাটফরে কয়েক দফা হ্যাকিং চালিয়েছিল অ্যানোনিমাস। হ্যাকিংয়ের সুবাদে হাতে আসা সব তথ্যই উইকিলিকসকে হস্তান্তর করেছিল অ্যানোনিমাস। সম্প্রতি এ তথ্যগুলোই প্রকাশ করা শুরু করেছে উইকিলিকস। বর্তমানে ২৫টি সংবাদমাধ্যম উইকিলিকসের গোপন বার্তাগুলো প্রকাশ করতে কাজ করছে। উইকিলিকস জানিয়েছে, কয়েক সপ্তাহ জুড়েই স্ট্র্যাটফরের কর্ম-কৌশল ও মনস্তাত্ত্বিক পদ্ধতিসহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন কাজের তথ্য ফাঁস করা হবে। এ বার্তাগুলোর মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের অনেক স্পর্শকাতর তথ্যও রয়েছে। ৫০ লাখ ই-মেইলের মধ্যে প্রায় চার হাজার ই-মেইল শুধু উইকিলিকস ও অ্যাসাঞ্জকে নিয়ে আদান-প্রদান করা হয়েছে। উইকিলিকসের দাবি তাদের সর্বশেষ প্রকাশিত বার্তাগুলোতে প্রমাণিত হয়েছে উইকিলিকসকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল স্ট্র্যাটফর।উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি যৌন হয়রানির এক মামলায় শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।