আবারও আইফোনে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন বিস্ফোরণ
আইফোন বিস্ফোরণ

মোবাইল ফোনে আগুন লেগে পুড়ে যাওয়ার মতো দূর্ঘটনা হঠাত্ করেই যেন বেড়ে গেছে। সম্প্রতি এমনই ঘটেছে ইসরায়েলের তেল আবিব থেকে চেক রিপাবলিকের প্রাগ বিমানবন্দরের উদ্দেশে যাত্রার সময়। বিমান আকাশে ওড়ার আগমুহূর্তে এক যাত্রীর আইফোন ৫ পুড়ে গিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর বিমান থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। অবশ্য এ ঘটনায় ১৫০ জন যাত্রীর কেউই আহত হননি। পরে সবকিছু ঠিকঠাক হলে বিমান আবার আকাশে ওড়ে।
পুড়ে যাওয়া সেই আইফোন পাঁচের মালিক ইয়ারডিন লেভি নামের এক কিশোরী। ঘটনার সূত্রপাত বিমানের ভেতরে। বিমানে ওঠার পর ব্যাগ থেকে ফোন বের করলে লেভি দেখে, তা থেকে ধোঁয়া উঠছে। পরে বিমানের ক্রুরা যাত্রীদের নামিয়ে সবকিছু পরীক্ষা করে দেখেন। পুড়ে যাওয়া আইফোনটিও ফেলে আসতে হয় লেভিকে।
অবশ্য হঠাত্ এই আইফোনে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আইফোনে আগুন ধরে পুড়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এ বছর যুক্তরাষ্ট্রের মেইনে ১৩ বছর বয়সী এক কিশোরীর পকেটে থাকা আইফোন৫ সিতে আগুন লাগে এবং তার পা পুড়ে যায়। এ ছাড়া অস্ট্রেলিয়ার এক বিমানে আইফোন৪ এর ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল।

এদিকে, গত মাসেই যুক্তরাষ্ট্রের আরেক কিশোরীর বালিশের নিচে রেখে চার্জ দেওয়ার সময় গ্যালাক্সি এস ফোর পুড়ে গলে গিয়ে বালিশ পুড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।