আবারও কিছু সার্ভিস বন্ধ করছে গুগল
সিঙ্ক ফর ব্ল্যাকবেরিসহ আরও কিছু সার্ভিস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে গুগল। গুগল সার্ভিস বন্ধের এ পরিকল্পনাকে প্রতিষ্ঠানটি বলছে ‘স্প্রিং ক্লিনিং’। গুগল ব্লগে দেওয়া তথ্য অনুসারে, আশানুরূপ লাভজনক না হওয়ায় সিঙ্ক ফর ব্ল্যাকবেরি, গুগল টকের মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন, গুগল ফ্লু ভ্যাকসিন ফাইন্ডারসহ বেশ কিছু সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল।গুগলের ক্লাউড সার্ভিসেসের পরিচালক ম্যাথিয়াস সিঙ্ক ফর ব্ল্যাকবেরির পরিবর্তে ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস (বিআইএস) ব্যবহারের পরামর্শ দিয়েছেন। জুনের ১ তারিখ থেকেই ব্ল্যাকবেরি ডিভাইসের জন্য গুগল সিঙ্ক সেবাটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া গুগল রিলেটেড নামের আরেকটি সেবা বন্ধ হচ্ছে বলেও গুগল ব্লগে উল্লেখ করা হয়েছে।গুগল রিলেটেড সাইটটি ব্রাউজার ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজিংয়ের সময় যে পাতা দেখতে পান, সেই পাতার সঙ্গে সংশ্লিষ্ট বা একই ধরনের তথ্য অন্যান্য যেসব সাইটে রয়েছে তারও একটি তালিকা দেখায়। এ সার্ভিসটি সহজেই তথ্য পাওয়ার জন্য ব্যবহার করা হয়। গুগলের ওই কর্মকর্তা জানিয়েছেন, ব্যবহারকারীরা গুগল রিলেটেড সাইটটি ব্যবহার করছেন না, তাই শিগগিরই এটি বন্ধের মুখ দেখতে যাচ্ছে।গুগল টকের মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন, গুগল ফ্লু ভ্যাকসিন ফাইন্ডারসহ আরও বিভিন্ন গুগল সেবাও এই বছরেই বন্ধ করা হবে বলে গুগল ব্লগে প্রকাশিত এক পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে।উল্লেখ্য, এর আগেও তাদের বেশ কিছু সার্ভিস বন্ধ করে দিয়েছিল গুগল। গুগল প্লাস সাইটকে গুরুত্ব দিতেই বিভিন্ন সার্ভিস বন্ধ করে এবং নতুন সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি। যেসব সাইট বন্ধ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গুগল বাজ, গুগল ওয়েভ ইত্যাদি।