আবারও চাইতে হবে ক্ষমা!
যুক্তরাজ্যের আদালতের নির্দেশে স্যামসাংয়ের কাছে আবারও ক্ষমা চাইতে হচ্ছে অ্যাপলকে। এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে পেটেন্ট সংক্রান্ত মামলায় স্যামসাংয়ের কাছে অ্যাপল হেরে যাওয়ার পর আদালত অ্যাপলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন ও একটি নোটিশে `স্যামসাং অ্যাপলের পণ্যের নকল করেনি' এ বাক্যটি লিখে রাখতে নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ মেনে অ্যাপল যে বাক্যটি লিখেছিল তা আদালতের কাছে যথষ্টে মনে হয়নি। তাই গতকাল বৃহস্পতিবার আদালত দুই দিনের সময় বঁেধে দিয়ে বাক্যটি পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন অ্যাপল কর্তৃপক্ষকে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাপলের আইপ্যাডের নকল করেছে এ অভিযোগে অ্যাপলের দায়ের করা মামলায় যুক্তরাজ্যের আদালত স্যামসাংয়ের পক্ষে রায় দিয়েছিলেন। লন্ডন হাইকোর্ট রায় দিয়েছিলেন, স্যামসাং অ্যাপলের কোনো নকশাস্বত্ব লঙ্ঘন করেনি। আদালতের বক্তব্য ছিল `স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবের নকশা মোটেই অ্যাপলের আইপ্যাডের মতো নয়।'বিচারক অ্যাপলকে এই নির্দেশ দেন, স্যামসাং যে তাদের পণ্যের নকশা নকল করেনি, এ ব্যাপারে অ্যাপলের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন অ্যাপলকে প্রচার করতে হবে। অ্যাপলের ওয়েবসাইটে এই বিজ্ঞাপন কমপক্ষে ছয় মাস ধরে প্রচার করতে হবে।অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে পেটেন্ট নিয়ে বিভিন্ন দেশে মামলা চলছে। যুক্তরাজ্যে অ্যাপল হেরে গেলেও যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের বিরুদ্ধে করা অপর একটি মামলায় অ্যাপলের জয় হয়েছিল। মেধাস্বত্ব আইন লঙ্ঘন করায় স্যামসাং কর্তৃপক্ষকে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন আদালত।