আবারও জন্ম নেবে নিয়ানডারথাল!
নিয়ানডারথাল মানুষের ডিএনএ ব্যবহার করে এখন নিয়ানডারথাল শিশু জন্মদান সম্ভব বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। গবেষকেদের ভাষ্য, জিন ক্লোনিং পদ্ধতিতে আবারও এই গুহামানব ফিরিয়ে আনা সম্ভব। তবে এ নিয়ানডারথাল শিশু জন্মদানের জন্য প্রয়োজন পড়বে একজন সাহসী মায়ের। নিয়ানডারথাল শিশু জন্ম দেওয়ার জন্য একজন সাহসী মায়ের সন্ধান করছেন গবেষকেরা। তাঁরা আশা করছেন, নিয়ানডারথাল মানুষ নিয়ে গবেষণা ক্যানসারের মতো রোগের চিকিত্সাসহ মানুষের আরও অনেক উপকারে লাগবে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক জর্জ চার্চ কাজ করছেন নিয়ানডারথাল ডিএনএ নিয়ে। তাঁর ভাষ্য, নিয়ানডারথাল শিশু জন্ম দেওয়ার জন্য প্রয়োজনীয় ডিএনএ কোড তাঁর কাছে রয়েছে। জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকাকে এক সাক্ষাত্কারে চার্চ বলেন, একজন মা রাজি হলেই তিনি নিয়ানডারথাল শিশুর জন্ম দিতে পারবেন।গবেষকেরা জানিয়েছেন, নিয়ানডারথালকে সবচেয়ে আদিম প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। এখন তাই প্রশ্ন উঠছে, আদিম প্রজাতির কোনো নিয়ানডারথাল শিশু জন্ম দিতে কোনো মা রাজি হবেন কি না। তবে গবেষকেরা হার মানতে নারাজ। গবেষক জর্জ চার্চ জানিয়েছেন, পৃথিবীতে আজ থেকে ৩৩ হাজার বছর আগে বাস করত নিয়ানডারথাল। তারা মানুষের মতোই যথেষ্ট বুদ্ধিমান ছিল। নিয়ানডারথালের হাড়ের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করেছেন তিনি।যুক্তরাজ্যসহ অনেক দেশেই জিন ক্লোনিং নিষিদ্ধ হলেও গবেষক চার্চের ভাষ্য, বড় ধরনের কোনো মহামারির তথ্য জানা ও এ বিষয়ে পদক্ষেপ নিতে নিয়ানডারথাল নিয়ে গবেষণা করা যেতে পারে। চার্চের এ ধারণাকে অনেক গবেষক তাত্ত্বিকভাবে সম্ভব বলেই মনে করছেন। অবশ্য গবেষক চার্চের বিরুদ্ধ মতেরও অভাব নেই। কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক এ ধরনের পরীক্ষা চালানোর বিষয়টি মানুষের জন্য ভালো কিছু নাও হতে পারে বলে মনে করছেন।এর আগে ২০১০ সালের এক গবেষণায় কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জুলিয়েন রিয়েল-সালভাতর জানিয়েছিলেন, নিয়ানডারথালদের উদ্ভাবক হিসেবে যতখানি যোগ্য মনে করা হয়, আদতে তারা ছিল তার চেয়েও অনেক বেশি যোগ্য। তারা ছিল প্রযুক্তিপ্রেমী। প্রয়োজনীয় যন্ত্রপাতি নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছিল তারা। ‘আর্কিওলজিক্যাল মেথড’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই নিয়ানডারথালরা প্রয়োজনীয় নতুন যন্ত্র উদ্ভাবন করেছিল।প্রসঙ্গত, নিয়ানডারথালদের জীবাশ্মের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল জার্মানির নিয়ানডার ভ্যালিতে ১৮৫৬ সালে। ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে বাস করত নিয়ানডারথাল। আধুনিক মানুষের ডিএনএর সঙ্গে নিয়ানডারথালের ডিএনএর ৯৯.৫-৯৯.৯ ভাগ মিল খুঁজে পেয়েছেন গবেষকেরা। জার্মান গবেষকেরা জানিয়েছিলেন, নিয়ানডারথালের জিনগত বৈশিষ্ট্য বহন করে চলেছে আধুনিক মানুষ। সেই অর্থে মানুষও ‘খানিকটা নিয়ানডারথাল’।গবেষক জর্জ চার্চের সাক্ষাত্কারের লিংক http://www.spiegel.de/international/zeitgeist/george-church-explains-how-dna-will-be-construction-material-of-the-future-a-877634.htmlনিয়ানডারথাল সম্পর্কে আরও জানার লিংক http://www.britannica.com/EBchecked/topic/407406/Neanderthal