আবারও তিন সেবায় গুগলের খড়গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল লিসেন, গুগল অ্যাপ ফর টিমস আর গুগল ভিডিও ফর বিজনেস নামের তিনটি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল।এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লগ পোস্টে গুগল উল্লেখ করেছে যে, এ তিনটি সেবা জনপ্রিয়তা হারিয়েছে। তাই এ সেবাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ২০০৮ সালে গুগল অ্যাপ ফর টিমস নামে সেবাটি চালু করেছিল। এর মাধ্যমে ব্যবসায়িক এবং বিদ্যালয়ের ব্যবহারকারীরা গুগল ইমেইল অ্যাড্রেস ছাড়াও বিভিন্ন গুগলের সেবা ব্যবহার করতে পারতো। কিন্তু সেবাটি খুব একটা কার্যকরী হয় নি বলে জানিয়েছে গুগল। আর তাই সেপ্টেম্বর ৪ থেকে টিম অ্যাকাউন্টগুলোকে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।পডকাস্ট অ্যাপ্লিকেশন হিসেবে তৈরি করা হয়েছিল গুগল লিসেন। কিন্তু গুগল প্লেতে এখন বিভিন্ন ধরনের পডকাস্ট অ্যাপ থাকায় এ সেবাটি জনপ্রিয়তা হারিয়েছে বলেই গুগল ব্লগে জানানো হয়েছে। এ বছরের ১ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে গুগল লিসেন।গুগল ভিডিও ফর বিজনেস এর মাধ্যমে যে সব ভিডিও আপলোড করা হয়েছিল সেগুলো ব্যবহারকারীর গুগল ড্রাইভে স্থানান্তর করার সুযোগ দিয়ে এ সেবাটি বন্ধ করে দিচ্ছে গুগল। প্রসঙ্গত, এর আগে গুগল ওয়েভ, বাজ, পিকনিক, মিবুসহ বেশকিছু সেবা বন্ধ করে দিয়েছে গুগল। আইগুগল, গুগল ভিডিও, গুগল মিনি, গুগল টক চ্যাটব্যাক ও সিমবিয়ান সার্চ অ্যাপ নামের সেবাগুলোও চলতি বছরেই বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।