ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিম্পাঞ্জি নামের দলটি। দলের সদস্যরা হলেন মাহাবুবুল হাসান, শাহরিয়ার রউফ ও মো. সামিউল সাইফ। রানার্স আপ হয়েছে বুয়েটের এনিহিলেটর নামের দলটি এবং তৃতীয় হয়েছে ঢাকা বিশ্বদ্যািলয়ের রিসোনেনস নামের দল। চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল সাতটি এবং তৃতীয় দলটি ছয়টি সমস্যার সমাধান করেছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ড্যাফোডিল আন্তবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১০ শিরোনামের এ প্রতিযোগিতায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০টি দল অংশ নেয়। পাঁচ ঘণ্টার এ প্রতিযোগিতায় ১০টি করে সমস্যা ছিল। বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করলে সহজে বড় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া সম্ভব। এর ফলে দেশসেরা সব মেধাবী বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপচার্য আমিনুল ইসলাম, বাংলালায়নের প্রধান কমার্শিয়াল কর্মকর্তা মো. শফিউল হক চৌধুরী, অনুষদের ডিন অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবুল এল হক, প্রধান বিচারক অধ্যাপক এম কায়কোবাদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক অধ্যাপক গোলাম মাওলা চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ফখরে হোসেন, প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিচালক অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, প্রতিযোগিতার বিচারক শাহরিয়ার মঞ্জুরসহ দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট ও বাংলালায়নের সৌজন্যে মডেম পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১২ সালে এ বিশ্ববিদ্যালয়ে এসিএম ঢাকা অঞ্চলের প্রতিযোগিতা আয়োজনের মহড়া অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিল বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড এবং পুরো আয়োজন সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করে কমজগৎ ডটকম। —নুরুন্নবী চৌধুরী