আবারও মোবাইল ফোনে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজির জি৩ স্মার্টফোন
এলজির জি৩ স্মার্টফোন

ফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার কথা আমরা অনেকেই শুনেছি। সম্প্রতি এমনই আরেকটি ঘটনা ঘটেছে এলজির জি৩ স্মার্টফোন ব্যবহারকারীর ক্ষেত্রে। এই ফোনটি বিস্ফোরণের ফলে পুড়ে যাওয়া বিছানার চাদর ও ফোনটির পোড়া অংশের ছবি এরই মধ্যে অনলাইনে সাড়া জাগিয়েছে। ঘটনাটি নিউজ ও কনটেন্ট শেয়ারিং কমিউনিটি রেডিটে প্রথম প্রকাশিত হয়। 

রেডিটের ওই পোস্টে পোস্টদাতা দাবি করেছেন, এই ফোনটি আমার বোনের। সে বিছানার ওপর ফোনটি রেখে তা চার্জ দিচ্ছিল। হঠাৎ করেই ফোনটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে বিছানার তোশক বা ম্যাট্রেস ফুটো হয়ে যায়। অবশ্য এ বিস্ফোরণে কেউ আহত হননি সেটাই রক্ষা। অনেকেই হয়তো ভাবছেন, আসল চার্জার বা ব্যাটারি ব্যবহার না করায় এটা হয়েছে কিংবা কেউ হয়তো ভাববেন বালিশের বা কোনো কিছুর নিচে ফোন চাপা পড়ায় এ রকম ঘটেছে। চার্জ দেওয়ার সময় বালিশের নিচে ফোন চাপা পড়লে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

বিস্ফোরণের পর এলজির পুড়ে যাওয়া স্মার্টফোন
বিস্ফোরণের পর এলজির পুড়ে যাওয়া স্মার্টফোন


রেডিটের ওপি নামের ওই পোস্টদাতা দাবি করেছেন, তাঁর বোনের ব্যবহৃত ওই স্মার্টফোনের ব্যাটারি, চার্জার সবই আসল ছিল। এমনকি ফোনটি চার্জ দেওয়ার সময়ও তা স্বাভাবিকভাবে বিছানার ওপরই রাখা ছিল। এটা তাই কোনো দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার সময় ধোঁয়ায় ঘর ভরে যায়। তার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা ম্যাট্রেস জানালা দিয়ে বাইরে ফেলে দিই। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে আমরা এলজিকে ঘটনাটি জানাতে চাই। 
অবশ্য ফোন বিস্ফোরণের ঘটনা নিয়ে এখনো মুখ খোলেনি এলজি।

এর আগে এ বছরের আগস্ট মাসে ইসরায়েলের বিমানবন্দরে বিমান আকাশে ওড়ার আগমুহূর্তে এক যাত্রীর আইফোন ৫-এ আগুন লাগে। যুক্তরাষ্ট্রের আরেক কিশোরীর পকেটে থাকা আইফোন ৫সিতে আগুন লেগে পা পুড়ে যাওয়ার ঘটনাও শোনা যায়। শুধু অ্যাপল নয়, এ বছরের জুলাই মাসে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪ স্মার্টফোনে আগুন লেগে বিছানা-বালিশ পুড়ে যাওয়ার ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে।

স্যামসাংয়ের ফোনে আগুন লেগে পুড়ে গেছে বালিশ-বিছানা
স্যামসাংয়ের ফোনে আগুন লেগে পুড়ে গেছে বালিশ-বিছানা


ফোন বিস্ফোরণ ঠেকাতে
বিষয়টি নিয়ে বিশ্লেষকদের পরামর্শ হচ্ছে— এ ধরনের দুর্ঘটনা সাধারণত নকল ব্যাটারি ও চার্জার ব্যবহার করলে ঘটতে পারে। তাই ব্যাটারি ও চার্জার ব্যবহারে সতর্ক থাকা উচিত। ফোন চার্জ দেওয়ার সময় গেম খেলা বা ফোন অতিরিক্ত গরম হয় এমন কাজ করা উচিত নয়। ফোন অধিক তাপযুক্ত কোনো স্থানে রাখা উচিত নয়। ফোনে যাতে পানি লেগে শর্টসার্কিট না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত। স্যামসাং কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ফোনে চার্জ দেওয়ার সময় কিংবা অন্য কোনো অবস্থায় ফোন ঢেকে রাখা বা বিছানার নিচে রাখা উচিত নয়। বাতাস চলাচল করে এমন উন্মুক্ত স্থানে ফোন রাখা উচিত। স্যামসাংয়ের ব্যবহার বিধিমালায়ও এই সতর্ক বার্তা দেওয়া রয়েছে।