আবারও শীর্ষে চীনের সুপারকম্পিউটার তিয়ানহে-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিয়ানহে–২
তিয়ানহে–২

আবারও বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিল চীনের তিয়ানহে-২। সবচেয়ে দ্রুত সুপারকম্পিউটার হিসেবে গত বছর যুক্তরাষ্ট্রের টাইটানকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেয় তিয়ানহে-২। সম্প্রতি জার্মানির ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের তৈরি করা বিশ্বের সবচেয়ে দ্রুত ৫০০ সুপারকম্পিউটারের তালিকার শীর্ষে আছে তিয়ানহে-২। এ সুপারকম্পিউটারটি প্রতি সেকেন্ডে ৩৩.৮৬ পেটাফ্লপ গতিতে গাণিতিক হিসাব কষতে সক্ষম। সেরা ৫০০ সুপারকম্পিউটারের পূর্ণাঙ্গ তালিকা গত সোমবার জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুপারকম্পিউটার সম্মেলনে প্রকাশ করা হয়। ১৯৯৩ সাল থেকে টপ ৫০০ নামের ওয়েবসাইটে নিয়মিতভাবে এ কাজটি করা হচ্ছে।
তিয়ানহে-২ দ্রুতগতির সুপারকম্পিউটার টাইটানের চেয়ে গতির দিক থেকে ৭৪ শতাংশ এগিয়ে আছে। সেকেন্ডে এক হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করার ক্ষমতাসম্পন্ন পেটাফ্লপ গতির সুপারকম্পিউটারগুলোর মধ্যে গতি হিসেবে সেরা নির্বাচন করা হয়। তিয়ানহে-২ হচ্ছে চীনের সুপারকম্পিউটার তিয়ানহে-১-এর উত্তরসূরি। ২০১০ সালের নভেম্বরে বিশ্বের দ্রুততর সুপারকম্পিউটারের তালিকার শীর্ষে ছিল তিয়ানহে-১। বর্তমানে তিয়ানহে-২ সুপারকম্পিউটারটি চীনের সরকার পরিচালিত ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজিতে রয়েছে এবং এ বিশ্ববিদ্যালয় থেকেই এটি পরিচালিত হচ্ছে। মূলত এটি গবেষণা ও শিক্ষাবিষয়ক নানা ধরনের কাজে ব্যবহার করা হয়।
—বিবিসি অবলম্বনে কাজী আলম