আবারও হ্যাকারদের হামলার শিকার রয়টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ আগস্ট আবারও হ্যাকারদের হামলার মুখে পড়েছিল বার্তা সংস্থা রয়টার্স। ৩ আগস্টের হামলার পর হ্যাকাররা রবিবার রয়টার্সের টুইটার অ্যাকাউন্টে নতুন করে হামলা চালায়। রয়টার্সের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তারা ভুয়া টুইট করতে শুরু করে। এ প্রসঙ্গে রয়টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, টুইটারে প্রথমে রয়টার্সের প্রযুক্তি বিষয়ক পাতা @ReutersTech হ্যাক করে @ReutersME হিসেবে পরিবর্তন করে দেয় হ্যাকার। এরপর সেখান থেকে ২২ টি ভুয়া টুইট করা হয়। এসব টুইটের অধিকাংশ সিরিয়া সংক্রান্ত।টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর দ্রুত ব্যবস্থা হিসেবে অ্যাকাউন্টটি বন্ধ করে তদন্ত শুরু করে রয়টার্স নিউজ কর্পোরেশন। বর্তমানে রয়টার্সের এ অ্যাকাউন্টটি চালু রয়েছে। এর ফলোয়ার সংখ্যা ১৭ হাজার। এর আগে ৩ আগস্ট শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের ব্লগে প্রকাশিত অদ্ভুত এক সাক্ষাত্কার দেখে হতভম্ব হয়ে যান অনেকেই। রয়টার্সের সাংবাদিকদের এ ব্লগ প্ল্যাটফর্মটিতে সিরিয়ার বিদ্রোহী এক নেতার সাক্ষাত্কার প্রকাশিত হওয়ার পরপরই কর্তৃপক্ষ বুঝতে পারে সাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে ভুয়া পোস্টের পাশাপাশি একটি বানোয়াট সাক্ষাত্কার প্রকাশ করে হ্যাকাররা।অবশ্য রয়টার্সে হামলা চালানোর পেছনে হ্যাকারদের কোন গ্রুপ কাজ করছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। এদিকে হ্যাকারদের পক্ষ থেকেও কেউ এ হামলার বিষয়টি স্বীকার করেনি। টুইটার অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে টুইটার কর্তৃপক্ষও কোনো তথ্য প্রকাশ করেনি।