আবিষ্কারের আশায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব আয়োজিত জাতীয় বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারীদের কয়েকজন
ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব আয়োজিত জাতীয় বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারীদের কয়েকজন

ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে গত ৬-৯ মার্চ ঢাকা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফার্মফ্রেশ ডিসিএসসি জাতীয় বিজ্ঞানমেলা ২০১৪’। এ বছর বিজ্ঞানমেলার স্লোগান ছিল ‘আবিষ্কারের আশায় কৌতূহলের নেশায়’। স্কুল-কলেজ মিলিয়ে সারা দেশের মোট ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার প্রতিযোগীর সরব অংশগ্রহণে চার দিনব্যাপী মুখর ছিল ঢাকা কলেজ প্রাঙ্গণ। মেলায় ছিল বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা দুই শতাধিক দেয়াল পত্রিকা প্রদর্শন, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড, গ্রিন অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, রুবিক্স কিউব, সুডোকু ও কুইজ প্রতিযোগিতা।
আইসিটি বিভাগের প্রজেক্ট ডিসপ্লেতে চ্যাম্পিয়ন খেতাব অর্জনকারী হলিক্রস দলের দলনেতা উম্মে সুমাইয়া আখতার জানান, ‘পুরস্কার জিতে আমি খুবই আনন্দিত। চার দিনের উৎসবে সব আয়োজনই ছিল দারুণ উপভোগ্য।’
প্রজেক্ট ডিসপ্লেতে অংশ নেওয়া ভিকারুননিসা নূন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী লুবানা নাসরিন বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বিজ্ঞানসংশ্লিষ্ট নতুন কিছু ভাবার প্রতি ঝোঁক ছিল। সেই আগ্রহ থেকেই বিজ্ঞানমেলায় অংশ নেওয়া।’
ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক শাব্বীর সজীব জানালেন, ‘বিজ্ঞান-প্রযুক্তি ও নতুন আবিষ্কারের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ বাড়িয়ে তুলতেই প্রতিবারের মতো এবারও আমাদের এই আয়োজন। তাই মেলাকে এমনভাবেই সাজানো হয়েছে যাতে করে সবাই নতুন কিছু শিখতে পারে। সঙ্গে তাদের মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরতে পারে।’
এবারের মেলারও অন্যতম আকর্ষণ ছিল ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের ঐতিহ্যবাহী বার্ষিক ম্যাগাজিন ‘স্পুটনিক’ যা মেলার শেষ দিন প্রকাশিত হয়। এ ছাড়া মেলার শেষ দিনে ছিল কনসার্ট ও ফায়ারওয়ার্কসের বিশেষ আয়োজন।