আবুধাবিতে এমআরপি সেবা দেবে কম্পিউটার সোর্স

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের ডিজিটাল পাসপোর্ট সেবা দিতে যাচ্ছে কম্পিউটার সোর্স। আগামী ১৫ জুন থেকে আবুধাবিতে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম।
দ্রুততার সঙ্গে এবং কোনো রকম বিড়ম্বনা ছাড়াই যেন এই অঞ্চলের বাংলাদেশি নাগরিকরা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে পারেন সেজন্য মালয়েশিয়াভিত্তিক কোম্পানি আইরিশ বারহাতের সঙ্গে যৌথভাবে কাজ করবে কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ জুন রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সরকার, আইরিশ করপোরেশন বারহাত, সংযুক্ত আরব আমিরাতের জিটিআই এবং কম্পিউটার সোর্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ এবং আইরিশ করপোরেশন বারহাত ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অভিবাসন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক আব্দুল মাবুদ, এমআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ রেজওয়ান উপস্থিত ছিলেন।
এমআরপি পাসপোর্ট প্রকল্প বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আগামী বছরের নভেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাদের হাতে দ্রুত এমআরপি পাসপোর্ট পৌঁছে দিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকার আমাদের কনসোর্টিয়ামকে এই কাজ দিয়েছে।’