আব্বু-আম্মুর জন্য ঈদকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদ তো প্রায় চলেই এল। বছরের এই সময়টা এলে আব্বু-আম্মু নিশ্চয়ই তোমার পছন্দের জিনিসটি কিনে দিতে সাধ্যমতো চেষ্টা করেন। আচ্ছা, এই ঈদে আব্বু-আম্মুকেই একটা কিছু উপহার দিলে কেমন হয়? কী হতে পারে সেই উপহার? দাঁড়াও, একটা বুদ্ধি দিই। ঝটপট কাগজ আর রং নিয়ে বসে যাও, তৈরি করে ফেলো একটা ঈদকার্ডের নকশা। চাইলে নকশা আঁকতে পারো কম্পিউটারেও। আব্বু-আম্মুর জন্য তোমার নিজের নকশায় তৈরি ঈদকার্ডই হতে পারে দারুণ একটা উপহার।

.
.

আঁকাআঁকি শেষে নকশাটা জমা দিয়ে দাও ‘মেরিল বেবি-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’য়। তোমার আঁকা ছবিটি যদি প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারে, তাহলে সেটি ছাপা হবে প্রথম আলোতে। শুধু তা-ই নয়, প্রতিযোগিতার সেরা ১০ জনের প্রত্যেকের জন্যই পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকার বই। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেরা ১০টি নকশায় তৈরি ঈদকার্ডগুলো পৌঁছে যাবে প্রথম আলোর পাঠকদের হাতেও।
মনে করিয়ে দিই, গত বছরও ঈদকার্ডের নকশার এমন এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবারের সেরা ১১জন প্রতিযোগীর প্রত্যেকে পেয়েছিল ১০ হাজার টাকার বই আর একটি অভিনন্দনপত্র। পুরস্কার নিতে এসে বিজয়ী বন্ধুরা তো দারুণ খুশি! অনুষ্ঠানে উপস্থিত আব্বু-আম্মুরাও ভীষণ আনন্দ পেয়েছিলেন বাচ্চাদের তৈরি কার্ড হাতে পেয়ে।
এবারে বলে দিই প্রতিযোগিতার নিয়মগুলো। তোমার বয়স যদি ১৫ বছরের কম হয়, তাহলেই তুমি এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় রয়েছে দুটি বিভাগ। ‘ক’ বিভাগের বয়সসীমা ১০ বছর পর্যন্ত। ১১ থেকে ১৫ বছর বয়সীদের জন্য আছে ‘খ’ বিভাগ। প্রতি বিভাগে পাঁচজন করে মোট ১০ জন হবে বিজয়ী। প্রতিযোগিতার জন্য নকশা আঁকতে হবে এ-৪ আকারের কাগজে। কাগজটির অপর পৃষ্ঠায় লিখতে হবে তোমার নাম, ঠিকানা, বয়স, স্কুল, শ্রেণি আর যোগাযোগের নম্বর। তোমার আঁকা নকশা বা ড্রয়িংটি সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে দাও ‘ঈদকার্ড প্রতিযোগিতা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’ এই ঠিকানায়।
এই আয়োজনে এবার প্রথম আলোর সঙ্গে আছে স্কয়ার টয়লেট্রিজের সুপার মম। তোমাদের আঁকা ছবি থেকে সেরা ১০টি কার্ডের নকশা বাছাই করবেন দেশের নামকরা শিল্পীরা। তাহলে আর দেরি নয় একদম। ঝটপট কাজে লেগে যাও। সুন্দর একটা ঈদকার্ডের নকশা তৈরি করে পাঠিয়ে দাও প্রথম আলোর ঠিকানায়। সময় আর বেশি নেই। নকশা পাঠানোর শেষ সময় কিন্তু ২০ জুলাই। জলদি!