আমরা করব জয়
দীপ দৌড়ে মুঠোফোন নিয়ে আমার দিকে এগিয়ে এল। ‘দাদা, একটু শোন।’ তার মুঠোফোনে একটি গান বাজছিল। শুনতেই চমকে উঠলাম। জানতে চাইলাম, ‘কোথায় পেলি?’ দীপের জবাবের আগের গল্পটা বলি। জোন-২-এ আমাদের চারজনের দল। মান্না, দীপ, সোহেল আর আমি। প্রথম থেকেই ব্যতিক্রম কিছু করার উদ্দেশ্য ছিল আমাদের। সেই চিন্তা থেকে প্রস্তাব দিলাম, ‘আমরা স্থানীয় বন্ধুসভার সঙ্গে বৈঠকগুলো কি “আমরা করব জয়” গানটি দিয়ে শেষ করতে পারি?’ দলের অন্য সদস্যরা প্রস্তাবটি একদম লুফে নিল। কিন্তু বিপত্তি ঘটল মীরসরাই বন্ধুসভার সঙ্গে গানটি গাইতে গিয়ে। স্থানীয় অনেকেই গাইতে পারছে। মুখস্থ নেই বলে আমরা মাঝেমধ্যে ঠোঁট মেলাচ্ছিলাম। ধারণা আমাদের, পরিকল্পনা আমাদের। কিন্তু আমরাই ঠিকমতো গাইতে পারছিলাম না। সেদিনের মতো বৈঠক শেষে হোটেলে পৌঁছাতেই দীপ দৌড়ে এল। ‘আমরা করব জয়’ গানটি তার মুঠোফোনে শুনতে পেলাম। ‘কোথায় পেলি?’ তখন সে বলল, ‘এই মাত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম।’ এতে আমরা খুব সহজে গানটি মুখস্থ করতে পেরেছি। আর ইন্টারনেট দিয়ে এমনই প্রয়োজনীয় অনেক কিছু করা সম্ভব। তাই আমরা গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের মাধ্যমে এর ভালো দিকগুলো পৌঁছে দিতে চাই আপনার কাছে।—ইমন রায়