আমরা জানি বাশারের ক্ষমতা কতটুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা ছবি: এএফপি
বারাক ওবামা ছবি: এএফপি

প্রশ্ন: সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর দেশে হামলা হলে পরিণতি খারাপ হবে। আপনি তো বারবার সীমিত হামলার কথা বলেছেন, কিন্তু আপনি তো আসলে জানেন না সিরিয়ায় হামলার আদেশ দেওয়ার পরিণতি কী হবে...
উত্তর: দেখুন, আমরা জানি বাশার সরকারের ক্ষমতা কতটুকু। হতে পারে আসাদ তাঁর বিরুদ্ধে লড়াইরত কয়েকটি বাহিনীর তুলনায় উল্লেখযোগ্য, যাদের অনেকেই পেশাদার যোদ্ধা নয়। আসাদের ক্ষমতা গত মাসে রাসায়নিক গ্যাসে নিহত ৪০০ শিশুর তুলনায় উল্লেখযোগ্য। কিন্তু...মার্কিন সেনাবাহিনীর তুলনায় কিছু নয়। তাদের মিত্রদের কেউ কেউ যেমন ইরান ও হিজবুল্লাহ কিছু হামলার ক্ষমতা রাখে। কিন্তু সিরিয়ার প্রতিবেশীরাও স্বীকার করে, রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তারা সীমা লঙ্ঘন করেছে।
প্রশ্ন: সর্বশেষ কিছু কৌতূহলোদ্দীপক ঘটনা ঘটেছে। রাশিয়া সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেওয়ার কথা বলেছে। সিরিয়া বলেছে, তারা একে স্বাগত জানায়। আপনি কি এখন সামরিক অভিযান পিছিয়ে দেবেন?
উত্তর: আমার মনে হয় এখন শুধু এটা বলাই ঠিক হবে যে হামলার বিশ্বাসযোগ্য হুমকি না দিলে আজ আমরা এখানে পৌঁছাতাম না। তবে আমি এ বিষয়টিকে স্বাগত জানাই। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করবেন। আমার মনে হয়, এ বিষয়ে সব ধরনের কূটনৈতিক উপায়ে চেষ্টা চালিয়ে দেখা উচিত।
প্রশ্ন: আপনি কি সেন্ট পিটার্সবার্গ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের সঙ্গে সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা করেছিলেন? নাকি আপনার মনে হয়, এটা পুরো প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার জন্য রাশিয়ার একটা কৌশল? তাদের তো এ ধরনের ইতিহাস আছে।
উত্তর: আমি এ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করেছি। এটা নতুন কিছু নয়। আমি কিছুদিন ধরেই তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলছি। সর্বশেষ কথা হয়েছে গত বছর লস কাবোসে এক জি ২০ বৈঠকে। প্রশ্ন: কিন্তু আপনি কি সিরিয়াকে রাসায়নিক অস্ত্র হস্তান্তরের জন্য একটি সময়সীমা বেঁধে দেবেন? এটা নিশ্চয়ই মাসের পর মাস ধরে চলতে পারে না?

উত্তর: না, তা পারে না। কাজেই...আমাদের দ্রুতই বোঝা দরকার...তারা আসলে এ বিষয়ে কতটা আন্তরিক। জাতিসংঘের বিশেষজ্ঞরা শিগগিরই প্রতিবেদন দেবেন। পাশাপাশি কংগ্রেসে আলোচনা চলবে। আমরা রাশিয়ার সঙ্গে অবিলম্বে আলোচনায় বসছি। আমরা দেখব, তাদের প্রস্তাবটা আসলে ঠিক কী। কাজেই আমরা দ্রুত এগোতে চাই।

ভাষান্তর: মাহফুজার রহমান