আমরা ভাই ডিমমজুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ শিরোনামে আবার ব্যাচেলর! শোনা যাচ্ছে, তাদের আবাসন নিয়ে তৈরি হয়েছে নতুন ধরনের জটিলতা। এ রকম অবস্থায় এক ব্যাচেলরের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করা হয়েছিল রস+আলোর পক্ষ থেকে। সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো।
রস+আলো: কেমন আছেন?
ব্যাচেলর: কেমন আছেন জিজ্ঞেস না করে জানতে চান, কোথায় আছেন? স্থানটাই এখন আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে!
রস+আলো: আচ্ছা। তাহলে জানতে ইচ্ছা করছে, কোথায় আছেন?
ব্যাচেলর: নিউমার্কেটে। তাঁবু পাওয়া যায় কি না তা খুঁজতে এসেছি।
রস+আলো: তাঁবু? তার মানে নিশ্চয় কোথায় ক্যাম্পিংয়ে যাচ্ছেন, কোনো বন...কোনো পাহাড়...?
ব্যাচেলর: এই শহরই এখন আমাদের কাছে বন-জঙ্গল-পাহাড় রে ভাই। এখানে টিকে থাকতে হলে এখন তাঁবু খাটিয়ে থাকতে হবে!
রস+আলো: কিন্তু হঠাৎ তাঁবু খাটিয়ে...
ব্যাচেলর: বাড়িওয়ালা বলেছেন, তিন দিনের মধ্যে বাড়ি ছাড়তে। ব্যাচেলর হিসেবে এমনিতেই আমাদের অধিকার এত দিন ক্ষুণ্ন হয়েছে। বাড়ির টপ ফ্লোর ভাড়া দেওয়া হতো আমাদের। সিঁড়ি ব্যবহার করতাম সাবধানে, যেন আওয়াজ না হয়। বেশি জোরে গান শুনতে পারতাম না। আর এখন তো সরাসরি বলেই দিচ্ছে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে! কেউ-ই যদি ব্যাচেলর ভাড়া না দেয়, তাহলে আমাদের উপায় কী? কোনো এক নদীর পাড়ে তাঁবু খাটিয়ে রাত কাটানো ছাড়া অন্য কোনো উপায় দেখছি না! কিন্তু মার্কেটে তাঁবু নাই। সব তাঁবু আগেই অন্য ব্যাচেলররা নিয়ে গেছে। এ এক হতাশাজনক পরিস্থিতি।
রস+আলো: তাহলে কি আপনারা আন্দোলন করবেন?
ব্যাচেলর: (দীর্ঘশ্বাস ফেলে) করতে তো চেয়েই ছিলাম! কিন্তু আমাদের যিনি প্রধান ব্যাচেলর, আন্দোলনে নামামাত্র তাঁর ফ্যামিলি তাঁকে ধরে বিয়ে দিয়ে দিল! ব্যাচেলরদের জন্য সেটা ছিল এক গভীর ষড়যন্ত্র! বিয়ে করে বড় ভাই এখন দেশের বাইরে হানিমুনে! তিনি আর তাঁবু খাটানোর কষ্ট কি করে বুঝবেন! বড়ই দুঃখের কথা!
রস+আলো: তাহলে তো এটা একটা ভালো সমাধান...বিয়ে...
ব্যাচেলর: এই সমাধানের পথেও আমরা হাঁটার চেষ্টা করেছিলাম। চিঠিতে, ফোনে, মেইলে, চাচা-খালু-ফুফাদের দিয়ে বাবাকে বলানোর চেষ্টা করেছিলাম। বলেছিলাম, এই শহরে টিকতে গেলে এখন আর ব্যাচেলর থাকা যাবে না!
রস+আলো: বাহ্, দারুণ! বাবা কী বললেন?
ব্যাচেলর: আসুন অন্য প্রসঙ্গে কথা বলি...
রস+আলো: না, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন! বাবা কী বললেন বিয়ের ব্যাপারে?

ব্যাচেলর: বলেছেন, বিয়ে করে বউকে খাওয়াবি কী? খুবই মৌলিক প্রশ্ন। আমরা ব্যাচেলররা নিজেরাই একেকজন ডিমমজুর!
রস+আলো: ডিমমজুর?
ব্যাচেলর: জি, আমরা প্রতিদিন ডিম আনি ডিম খাই। সকালে ডিমের অমলেট, দুপুরে ডিমের কারি, আর রাতে ডিমভাজি! এর মধ্যে বিয়ে করে বউকে কী খাওয়াব—এটা অত্যন্ত চিন্তার বিষয়...
রস+আলো: তাহলে এখন কী করবেন?
ব্যাচেলর: ভাবছি, আন্দোলন ছড়িয়ে দেব দেশ-বিদেশে! আমাদের দুঃখ একমাত্র সালমান খানই বুঝতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আমরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিশ্ব ব্যাচেলর সংঘ করে সালমান খানকে তার সভাপতি করার চেষ্টা করছি। ব্যাচেলর হিসেবে তাঁর মার্কেট ভ্যালু বেশ ভালো। তিনি কথা বললে যদি আমাদের কিছু হয়। এ ছাড়া বেদে সম্প্রদায়ের মতো এখন ভাসমান জীবন যাপনের কথাও ভাবছি আমরা! তাঁবু খাটিয়ে থাকা বা নদীতে নৌকার ওপরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। টারজানের মতো গাছে-গাছে থাকা যায় কি না, সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। দেখা যাক, একটা না একটা উপায় বেরিয়ে আসবেই!
রস+আলো: আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।
ব্যাচেলর: শুকনো ধন্যবাদে কাজ হবে না, ভাই। আজকে আপনার বাসায় রাত কাটাতে পারব কি?
রস+আলো: ভাইরে, আমিও ব্যাচেলর, বাস্তুহীন! আমি আসলে এতক্ষণ ধরে এই শহরে টিকে থাকার কৌশলগুলো জেনে নিচ্ছিলাম। আর ভাই শোনেন, তাঁবু পেলে এক পিস বেশি কিনবেন দয়া করে!