আমরা সবাই সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজ নিজ রাজনৈতিক মতাদর্শের বাইরে সবার সমান অধিকার নিশ্চিত করতে আমাদের এক হতে হবে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের পণ্যের মাধ্যমে, সমুচ্চারিত কণ্ঠে এবং কাজের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে “সকলকেই সম্মানের সঙ্গে সমান মর্যাদা দেওয়া হচ্ছে”।’ এক ই-মেইলে অ্যাপল কম্পিউটারের কর্মীদের উদ্দেশে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এমনটি লিখেছেন।

গত শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটসভিলে শহরে উগ্র ডানপন্থী শ্বেতাঙ্গ আর বর্ণবাদবিরোধীদের মধ্যে সহিসংতায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অ্যাপলকর্মীদের শান্ত থাকার অনুরোধ করে টিম কুক ই-মেইলটি পাঠান।

টিম কুক চিঠিটিতে আরও লেখেন, অ্যাপল এবং তিনি বরাবরই সমতায় বিশ্বাস করেন। শার্লটসভিলেতে ঘটে যাওয়া ঘটনায় প্রতিষ্ঠানটির অনেক কর্মীই ব্যথিত, বিরক্ত ও বিভ্রান্ত।

যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনার কোনো স্থান নেই জানিয়ে টিম কুক বলেন, মানুষ হয়ে পরস্পরের প্রতি ঘৃণা সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়। দেশটির প্রেসিডেন্ট ও অন্যদের বর্ণাবাদমূলক মনোভাবের বিরোধিতা করে টিম কুক বলেন, ‘মানবতাবিরোধী সব ঘৃণ্য কর্মকাণ্ড থেকে আমাদের দূরে থাকা উচিত। যারা বর্ণবাদে বিশ্বাস রাখে, আমি তাদের মতের বিরোধী। মানুষ হিসেবে আমরা সবাই সমান, সমান নৈতিক অধিকার পাওয়ার যোগ্য।

সমাজ থেকে ঘৃণা দূর করতে কাজ করছে এমন সংগঠন সাউদার্ন পোভার্টি ল সেন্টার এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ নামের দুটি সংস্থাকে অ্যাপলের পক্ষ থেকে শিগগিরই ১০ লাখ ডলার করে দেওয়া হবে বলে জানিয়েছেন টিম কুক।

শাওন খান, সূত্র: গ্যাজেটস নাউ