আমরাও আছি বিশ্বকাপে

এত দিন যা ছিল ফিসফিসানি, গুঞ্জন, এখন তা রূপ নিয়েছে হইচইয়ে৷ ড্রয়িংরুম থেকে চায়ের স্টল, বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ—সর্বত্র একই আলোচনা৷ জি, ঠিকই ধরেছেন, আসন্ন ফুটবল বিশ্বকাপের ঢাকের বাদ্যির হুলুস্থুল আওয়াজের কথাই বলছি৷
বলা বাহুল্য, বিশ্বকাপের ঢাকের বাদ্যে আজ প্রকম্পিত সারা দেশ৷ আর এ ঢাকের তালে সবচেয়ে বেশি নাচছেন তরুণেরাই৷
বিদায়ী বিকেলের মৃদু আলো গায়ে মেখে টিএসসির সবুজ ঘাসে বসে আছেন জুয়েল, আবির, শোভন, রিয়া ও মুক্তা৷ হ্যঁা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি৷ দূর থেকে দেখে মনে হতে পারে তাঁরা গ্রুপ স্টাডিতে মগ্ন৷ আসলে কাছে গিয়ে কান পেতে শোনা গেল তাঁদের আড্ডার বিষয়বস্তু বিশ্বকাপ ফুটবল৷
শোভন বলছেন, ‘কী রে, তোর জার্সি কেনা হয়েছে?’
যাঁর উদ্দেশে প্রশ্ন, সেই রিয়ার মুখ ভেঙানো উত্তর, ‘আমি কি তোর মতো লেট লতিফ নাকি! অনেক আগেই ও কাজ সেরে ফেলেছি৷’
‘পতাকা?’ প্রশ্ন এবার মুক্তার৷
রিয়া বলেন, ‘হ্যাঁ, পতাকাও বানানো শেষ৷ তবে পতাকাটা আরেকটু বড় হলে ভালো হতো৷ জুয়েল, তুই কি আমাকে একটা বাঁশ জোগাড় করে দিতে পারবি?’
জুয়েল ভ্যাবাচেকা৷ এ কেমন প্রশ্ন! বাঁশ দিয়ে কী হবে?
তাঁর ভ্যাবাচেকা মুখ দেখে হেসে ফেলেন রিয়া, ‘আরে বাবা, পতাকাটা টাঙাব কীভাবে? তাই বাঁশ খুঁজছি৷’
এবার হেঁসে ফেলেন সবাই৷ তাঁরা পড়ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে৷ জুয়েল ও শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ রিয়া ইডেন মহিলা কলেজে৷ আবির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে৷ আর মুক্তা ইউল্যাবে৷ তাঁরা কলেজে পড়েছেন একসঙ্গে৷ এখন ছড়িয়ে পড়েছেন বিিভন্ন বিশ্ববিদ্যালয়ে৷ কিন্তু বন্ধুত্বের টানে এখনো নিয়মিত মিলিত হন টিএসসিতে৷
জুয়েল বলেন, ‘ঠিকই বলেছিস, অামি একটু লেট লতিফ৷ সব কাজেই দেরি করে ফেলি৷ এই দ্যাখ, এখনো আমার জার্সি, পতাকা কিছুই কেনা হয়নি৷’
জুয়েলের এমন কথায় ফেঁাস করে ওঠেন আবির৷ ‘তোকে দিয়ে কিচ্ছু হবে না৷ চল তো, এখনই তোকে জার্সি কিনে দেব৷’
জুয়েলকে প্রায় টেনেহিঁচড়ে আড্ডা থেকে ওঠান আবির৷ সঙ্গে উঠে পড়েন অন্য বন্ধুরাও৷ তাঁদের গন্তব্য এখন নিউমার্কেট৷ কেনা হবে জার্সি, পতাকা৷
এঁরা এমনই৷ কেউ ব্রাজিলের সমর্থক, কেউ আর্জেন্টিনার৷ তাতে কী? একসঙ্গে তাঁরা জার্সি কিনবেন, পতাকা কিনবেন৷ খেলাও দেখবেন
একসঙ্গে৷ নিজ নিজ দলের পক্ষ নিয়ে তর্ক করবেন বিপক্ষ দলের বন্ধুর সঙ্গে৷ আবার দলের হার-জিতে একসঙ্গে করবেন আনন্দ-দুঃখ উদ্যাপন৷
জার্সি, পতাকা কেনা শেষে তাঁরা ফিরে যাবেন যে যাঁর ডেরায়৷ কেউ হলে, কেউ নিজের বাসায়৷ কিন্তু সেখানেও থেমে থাকে না বিশ্বকাপের উত্তেজনা৷
জুয়েল ও শোভন থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে৷ এখানেও হলের বন্ধুদের সঙ্গে চলে বিশ্বকাপ নিয়ে বাতচিত৷ জুয়েলের রুমমেট আবরার রীতিমতো মাথায় ব্রাজিলের পতাকা বেঁধে ঘোরা শুরু করেছেন৷ গায়ে তো জার্সি আছেই৷ তাঁর বক্তব্য, ‘বিশ্বকাপ তো প্রতিবছর অাসে না৷ চার বছর পরপর আসে৷ তাই এই সময়টা আপাদমস্তক খেলার মধ্যেই থাকতে চাই৷’
শাওনের পছন্দের দল স্পেন৷ তাই তিনি যে কক্ষে থাকেন, সেই কক্ষের দেয়ালের সমান দৈর্ঘ্য-প্রস্থের স্পেনের পতাকা বানাতে দিয়েছেন টেইলার্সে৷
তাঁদের আরেক বন্ধু আরিফ ফ্রান্সের সমর্থক৷ তিনি ইতিমধ্যেই গালে আঁকিয়েছেন ফ্রান্সের পতাকা৷ এঁকে দিয়েছেন আবার চারুকলায় পড়ুয়া আরেক বন্ধু সেঁজুতি৷
শোভন থাকেন এক ব্যাচেলর মেসে৷ আশিক, রাজন, সজল, রেজোয়ান তাঁর মেসের বন্ধু৷ সেখানে বন্ধুরা মিলে চাঁদা তুলে কিনে ফেলছেন টেলিভিশন৷ বিশ্বকাপের খেলা বলে কথা! একটা খেলাও মিস দিতে চান না তাঁরা৷ সবাই এক দলের সমর্থক নন; তবু একসঙ্গে খেলা দেখবেন৷ হইচই, আনন্দ করবেন—এটাই একমাত্র উদ্দেশ্য৷
হলে হলে, মেসে মেসে, বাসায় বাসায়—সবখানে এখন এক উচ্চারণ, বিশ্বকাপ ফুটবল৷ আর কদিন বাদেই সাম্বার দেশ ব্রাজিলে শুরু হচ্ছে ফুটবল উন্মাদনার সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ৷ এ আসরে নেই বাংলাদেশ৷ তাতে কী? উন্মাদনার ঢেউয়ে উন্মাতাল হতে তো দোষ নেই৷ খেলা মানেই নির্ভেজাল বিনোদন৷ এ বিনোদন থেকে বঞ্চিত হতে চান না বাংলার তরুণেরা৷
তাই তো টিএসসির তরুণদের চিৎকার, ‘আমরাও আছি বিশ্বকাপে!’