আমাজন ছাড়তে আজকের দিনটি কেন বেছে নিলেন জেফ বেজোস
২৭ বছর আগে নিজের বাড়ির গ্যারেজে আমাজন চালু করেন জেফ বেজোস। দীর্ঘদিন প্রতিষ্ঠানটির পরিচালনায় নেতৃত্ব দেওয়ার পর আজ (৫ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়লেন তিনি। পদত্যাগের জন্য এই দিনটি বেছে নেওয়ার পেছনে কারণ হিসেবে আবেগের কথা বলেছেন বেজোস।
আমাজনের শেয়ারহোল্ডারদের সর্বশেষ বৈঠকে বেজোস বলেছেন, ‘আমরা এই দিনটি বেছে নিয়েছি, কারণ এটি আমার জন্য আবেগময়। ১৯৯৪ সালের এই দিনে আমাজন করপোরেশন হিসেবে নিবন্ধিত হয়। ঠিক ২৭ বছর আগে।’
গত ফেব্রুয়ারিতে বেজোস বলেছিলেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সিইওর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। তাঁর জায়গায় আসবেন আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ আমাজন ওয়েব সার্ভিসেসের প্রধান অ্যান্ডি জ্যাসি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনে গত ২৪ বছর ধরে কাজ করছেন অ্যান্ডি। বেজোসের ভাষায়, ‘অ্যান্ডি একজন চমৎকার নেতা হবেন এবং আমার পূর্ণ আস্থা আছে তাঁর ওপর। আমি নিশ্চিত করে বলতে পারি, অ্যান্ডি এই বিশ্বকে কখনো টিপিক্যাল হতে দেবেন না। আমাদের চাঙা রাখার মতো প্রাণশক্তি তাঁর আছে। আর সেটিই আমাদের বিশেষ করেছে।’
বেজোস অবশ্য পুরোপুরি আমাজন ছাড়ছেন না। তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে থেকে নিজের ‘শক্তি ও মনোযোগ নতুন পণ্য এবং নতুন উদ্যোগে খরচ’ করতে চান।
গত ফেব্রুয়ারিতে আমাজনের পক্ষ থেকে বলা হয়, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমাজনে বেজোসের সম্পৃক্ততা হবে ‘একমুখী’ সিদ্ধান্ত গ্রহণের মতো। প্রতিষ্ঠানটির প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা ব্রায়ান অলসাভস্কির ভাষায়, নতুন প্রতিষ্ঠান কেনা বা বড় ব্যবসায়িক কৌশল নির্ধারণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেজোস।