আমাজনের কণ্ঠনিয়ন্ত্রিত সহকারী 'ইকো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জনপ্রিয় ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন এবার কণ্ঠনিয়ন্ত্রিত বিশেষ সহকারী বাজারে ছেড়েছে। ‘আমাজন ইকো’ নামের এ যন্ত্রটি কেনাকাটার পাশাপাশি নানা ধরনের তথ্য দিয়ে ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। তথ্য, সংগীত, সংবাদ, আবহাওয়াসহ নানা ধরনের তথ্য শুধু কণ্ঠস্বর ব্যবহারের মাধ্যমেই শোনাতে পারবে ইকো। সম্পূর্ণভাবে কণ্ঠনিয়ন্ত্রিত হওয়ায় ইকো ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের হাতের স্পর্শ লাগবে না। বাসায় নির্দিষ্ট একটি কক্ষের যেকোনো স্থানে রেখেই কণ্ঠস্বরের মাধ্যমে পাওয়া যাবে ইকোর সেবা। আর ক্লাউডে এর অ্যাকাউন্ট সুবিধা যুক্ত করে আরও উন্নত সেবা পাওয়ার সুবিধা তো থাকছেই।
কেনাকাটার ক্ষেত্রে দারুণ সব বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে বিশেষ এই যন্ত্রে। যদি কেউ আমাজনে আগে কোনো কিছুর ফরমায়েশ দিয়ে না থাকেন তাহলেও সে সংক্রান্ত নানা ধরনের পণ্য কিংবা সেবার পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবে ইকো। একই সঙ্গে সাতটি মাইক্রোফোন সুবিধা থাকায় ইকো ৩৬০ ডিগ্রি সুবিধায় যিনি বলবেন তাঁর নির্দেশ শুনতে পারবে এবং সুস্পষ্টভাবে অডিও শব্দে ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে পারবে। ফায়ার অপারেটিং সিস্টেমচালিত (ওএস) এ যন্ত্রে থাকছে নানা ধরনের অ্যাপস, যা অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন। মূলত নিজের মুঠোফোন, গাড়িতে এ ধরনের বিশেষ সহকারী ইতিমধ্যে অনেকেই ব্যবহার করছেন। কিন্তু বাসায় ব্যবহার উপযোগী এ যন্ত্রটি তৈরি করে বিশেষ চমক এনেছে আমাজন। যন্ত্রটি পাওয়া যাবে ১৯৯ ডলারে। ইকোর বিস্তারিত জানা যাবে www.amazon.com/oc/echo ঠিকানায়। 

দ্য নেক্সট ওয়েব ও আমাজন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী