আমাজনের ডিজিটাল বইয়ের গ্রন্থাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্স ওয়েবসাইট আমাজন ডটকম এবার ডিজিটাল বইয়ের গ্রন্থাগার করার উদ্যোগ নিয়েছে। একই রকম গ্রন্থাগার এর আগে নেটফ্লিক্স ইন করপোরেটেড তৈরি করেছিল, যার বই ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে পড়া যায়। আমাজনের তৈরি ইলেকট্রনিক বই পড়ার জনপ্রিয় রিডার কিন্ডলের পাশাপাশি প্রতিষ্ঠানটি অ্যাপলের তৈরি আইপ্যাডের আদলে আরেকটি রিডার তৈরির ব্যাপারেও কাজ করছে বলে জানা গেছে। ডিজিটাল মিডিয়া গ্রন্থাগারে আগ্রহীরা বার্ষিক একটি ফি প্রদানের মাধ্যমে গ্রন্থাগারে থাকা তথ্য পেতে পারবে। এ ব্যাপারে আমাজন ইতিমধ্যে বিশ্বসেরা সব বইয়ের প্রকাশকদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও জানা গেছে। তবে বেশ কয়েকজন প্রকাশক আমাজনের এ কার্যক্রমের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁদের মতে, এতে ছাপানো বইয়ের ব্যাপ্তি অনেক কমে যাবে এবং যাঁরা বই ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরাও সমস্যায় পড়বেন। পাশাপাশি যারা ইন্টারনেট-সুবিধা থেকে বঞ্চিত, তারাও বই পড়া থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা তাঁদের। এ ব্যাপারে আমাজন কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নানা ধরনের জনপ্রিয় বই সংগ্রহের মাধ্যমে যদি ডিজিটাল মিডিয়া লাইব্রেরি সমৃদ্ধ করা যায়, তাহলে সত্যিকার অর্থেই এ উদ্যোগ সার্থক হবে। এতে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা সহজেই বই পড়ার সুযোগ পাবে। —টাইমস অব ইন্ডিয়া