আমাজনের নতুন যোদ্ধা ‘কিন্ডল ফায়ার এইচডি’ (ভিডিও)
অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন তিনটি পণ্যের ঘোষণা দিয়েছেন। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেটের এ যুগে, মোবাইল পণ্যের ক্ষেত্রে আমাজনের নতুন সৈনিক হিসেবে এ পণ্যগুলো অ্যাপল ও গুগলের পণ্যের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে ৭ ইঞ্চি কিন্ডল ফায়ারের হাই ডেফিনেশন (এইচডি) সংস্করণের সঙ্গে ৮.৯ ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেটের ঘোষণা দিয়েছেন আমাজন নির্বাহী জেফ বেজোস। একই সঙ্গে নতুন কিন্ডল ই-বুক রিডারেরও ঘোষণা দিয়েছেন তিনি। আমাজনের কিন্ডল ফায়ার এইচডি মডেলের ৮.৯ ইঞ্চি মাপের ট্যাবলেটটি ৮.৮ মিলিমিটার পুরু আর ওজন ৫৬০ গ্রাম। এতে রয়েছে ডুয়াল ব্যান্ডের ওয়াই-ফাই, দুটি অ্যানটেনা। বেজোস জানিয়েছেন, নতুন কিন্ডল ফায়ারের প্রসেসরের গতি অ্যাপলের সর্বশেষ বাজারে আসা নিউ আইপ্যাডের চেয়েও ৪১ শতাংশ বেশি।প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আমাজনের কিন্ডল ট্যাবলেটের ক্ষেত্রে দামই সবচেয়ে বড় নির্ণায়ক। একমাত্র সাশ্রয়ী দামের ট্যাবলেটই আমাজনকে যুদ্ধে জয়ী করতে পারে। আমাজনকে বর্তমানে ট্যাবলেটের বাজারে অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের সঙ্গে টিকে থাকার লড়াই লড়তে হচ্ছে। এ প্রসঙ্গে প্যাসিফিক ক্রেস্ট সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক চাদ বার্টলে জানিয়েছেন, ইন্টারনেট ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাবলেট যুদ্ধে জয়ী হওয়াটা আমাজনের জন্য জরুরি।যুদ্ধে জয়ী হতে আমাজন নতুন ট্যাবলেটগুলো দামের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে। নতুন ট্যাবলেটগুলোর দাম ১৫৯ ডলার থেকে ৫৯৯ ডলারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। আমাজনের কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণটি ছিল ৭ ইঞ্চি মাপের। এর দাম ছিল ১৯৯ ডলার। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ট্যাবলেটের বাজারে ‘দাম’ জনপ্রিয়তার সবচেয়ে বড় নির্ণায়ক। বর্তমানে ২০০ ডলারের নীচে অনেক ট্যাবলেট বাজারে চলে এসেছে। আমাজন যদি ট্যাবলেটের দাম ১৫০ ডলারের নীচে রাখতে পারে তবে অন্য ট্যাবলেট নির্মাতাদের জন্যও বাজার ধরতে দাম কমানোর প্রতিযোগিতায় নামতে হবে। এ ক্ষেত্রে আমাজন সফল। অক্টোবরের শেষ নাগাদ এ পণ্যগুলো বাজারে সহজলভ্য হবে।