আমাজনের ভারচুয়াল মুদ্রা!
‘আমাজন কয়েন’ নামে ভারচুয়াল কয়েন বা ডিজিটাল মুদ্রা ব্যবহার শুরু করেছে ই-কমার্সের অন্যতম প্রতিষ্ঠান আমাজন। এ ভারচুয়াল কয়েন ব্যবহার করে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ও গেম কেনা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু অনলাইন।প্রত্যেক ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেট ব্যবহারকারীকে ৫০০ ভারচুয়াল কয়েন বা মুদ্রা দিচ্ছে আমাজন। ৫০০ ভারচুয়াল কয়েনের মূল্যমান হচ্ছে সত্যিকারের পাঁচ মার্কিন ডলার। সত্যিকারের অর্থের বিনিময়ে এই ভারচুয়াল মুদ্রা কেনা বা বিনিময় করা যাবে এবং এ মুদ্রার মাধ্যমে অনলাইনে আমাজনের অ্যাপ্লিকেশন কেনা যাবে। এদিকে এই ভারচুয়াল মুদ্রা বেশি করে কিনে রাখলে মূল্যছাড় দেওয়ারও ঘোষণা দিয়েছে আমাজন। ভারচুয়াল মুদ্রার গুরুত্ব কেন? এমন প্রশ্নে আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারচুয়াল মুদ্রা ব্যবহার করলে অ্যাপ্লিকেশন কেনার ক্ষেত্রে সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এতে যেমন নগদ অর্থ লেনদেনের ঝুঁকি কমবে আর এই মুদ্রা ব্যবহারে কোনো ফির দরকার হবে না পাশাপাশি মুদ্রার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আশঙ্কাও থাকবে না। এতে ক্রেতারা আগ্রহী হবেন বলেও আশা করছে আমাজন কর্তৃপক্ষ। ভবিষ্যতে ভারচুয়াল মুদ্রার মাধ্যমে আমাজনের বিভিন্ন পণ্য কেনার সুবিধা যোগ করতে পারে প্রতিষ্ঠানটি।প্রসঙ্গত, এর আগে এক্স বক্সের জন্য মাইক্রোসফট ভারচুয়াল মুদ্রা চালু করেছিল। তবে এক্ষেত্রে মাইক্রোসফটের অভিজ্ঞতা ভালো ছিল না বলেই মন্তব্য করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।