আমাদের কেশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলঢাকা উপজেলার সবাই কেশবকে এক নামে চেনে। এলাকায় উন্নয়নমূলক নাটক, শোভাযাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে কেশব থাকেন সবার আগে। নিজের আগ্রহে কেশব ছুটে বেড়াতেন স্কুল থেকে ঝরে পড়া শিশুদের বাড়ি বাড়ি। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন।  চেষ্টা করতেন বাল্যবিবাহ বন্ধ করার। এভাবেই সবার নজরে আসেন তিনি। এরপর শিশু অধিকারবিষয়ক সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।
এভাবে কেশব অল্প সময়ের মধ্যে জলঢাকা উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং জাতীয় শিশু টাস্কফোর্সের সদস্য নির্বাচিত হন। নিজ গ্রামের শিশু সংগঠন ও শিশুদের পাঠচক্রের আসরও পরিচালনা করেন কেশব।
জলঢাকার বাসিন্দা শৈলেন চন্দ্র রায় বললেন, ‘বাল্যবিবাহ এখন এলাকায় হয় না বললেই চলে। কেশবের তৎপরতায় বাল্যবিবাহের কুফল বুঝতে পেরেছে এলাকার মানুষ। কেশব আমাদের এলাকার গৌরব। সে এলাকার মানুষের মাঝে অন্ধকার দূর করার কাজ করে যাচ্ছে।’
প্রতিবেশী আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বাল্যবিবাহের খবর পেলেই কেশব তাঁর শিশু সংগঠনের বন্ধুদের নিয়ে সেখানে ছুটে যান। যে করেই হোক, বিয়ে তাঁরা বন্ধ করার চেষ্টা করেন। এ কাজে তাঁদের সহযোগিতা করেন এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা। 

কেশবের বাবা অজিন্দ্র বর্মণ জানালেন, সামান্য আয়ের     সংসার, দুই ছেলের লেখাপড়ার খরচ বহন করা কঠিন ছিল। তাই লেখাপড়ার ফাঁকে ছেলেরা এখনো তাঁর সঙ্গে দিনমজুরি করেন।

বড় ছেলে এসএসসি পরীক্ষার পর ঢাকার নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির কাজ করে কলেজে ভর্তির টাকা জোগাড় করেছেন। ছোট ছেলেও নিজে দিনমজুরি করে কলেজে ভর্তির টাকা জুগিয়েছেন। এখন তাঁরা নিজেদের জামাকাপড়, খাতা কলম, বই কেনার টাকা দিনমজুরি করে নিজেরাই জোগাড় করেন।

কেশব তাঁর অবসর সময়ে গ্রামের একটি মুদি দোকানের কর্মচারীর কাজ করেন। ছেলে কেশবের সাফল্যে আনন্দিত তাঁর মা-বাবা। ছেলের ভালো হলে কোন মায়ের না বুকটা ভরে যায়। রঞ্জিতা রায়ও তাই। তিনি বলছিলেন, ‘আমার ছেলে একটা পুরস্কার পেয়েছে সেটাই বড়। পুরস্কারটা কী, সেটা বড় কথা না।’

কথা হলো কেশবের কলেজের অধ্যক্ষ আবেদ আলীর সঙ্গে। বললেন, ‘আমি অনেক শিক্ষার্থী দেখেছি। কিন্তু কেশবের তুলনা হয় না। সে মেধাবী এবং বন্ধুপ্রিয়। তার মধ্যে অল্প সময়ে সবার দৃষ্টি আকর্ষণের ক্ষমতা রয়েছে।   পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করেছে।’ কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুজ্জামান বলেন, ‘কেশব আমাদের মুখ উজ্জ্বল করেছে।   আমি শিগগিরই তার সংবর্ধনার আয়োজন করব।’