আমাদের গ্রাম ই-হেলথ সেবাকেন্দ্রের জমি হস্তান্তর
আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের বাস্তবায়নাধীন ক্যানসারসেবা ও ই-হেলথ গবেষণা কার্যক্রমের জন্য সরকার ৮.২০ একর কেনা জমি হস্তান্তর করেছে। গতকাল শনিবার বাগেরহাট জেলার রামপালে আনুষ্ঠানিকভাবে আমাদের গ্রামের পরিচালকের হাতে জমির দলিল হস্তান্তর করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক। খবর বিজ্ঞপ্তির।
রামপালের ঝনঝনিয়া গ্রামের সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বাগেরহাটের জেলা প্রশাসক মু শুকুর আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সায়ীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত শিকদার, উপজেলা সহকারী ভূমি কমিশনার জহুরুল আলম ও আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম।
রেজা সেলিম জানান, এই জমিতে ক্যানসারসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে চিকি ৎ সাসেবাসহ উদ্ভাবন ও গবেষণাকেন্দ্র নির্মাণ করা হবে। ইতিমধ্যে মাইক্রোসফট, গুগল এবংযুক্তরাষ্ট্রের বেশ কটি বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি গবেষণায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।