আমাদের গ্রামের সৃজনশীল আইসিটি উদ্যোগ মার্কিন বিশ্ববিদ্যালয়ে পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক স্তন ক্যানসার গবেষণা ফাউন্ডেশন (আইবিসিআরএফ) পরিচালিত কার্যক্রম সৃজনশীল আইসিটি (তথ্য ও যোগাযোগাপ্রযুক্তি) উদ্যোগ নিয়ে পরিচালিত একটি সমীক্ষাকর্ম যুক্তরাষ্ট্রের মারকুইট বিশ্ববিদ্যালয়ের ‘ফরোয়ার্ড থিংকিং’ পুরস্কার পেয়েছে। চলতি বছর বিজ্ঞান, কলা, প্রকৌশল ও চিকিৎসাবিজ্ঞান থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকল্পকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। আমাদের গ্রামের প্রকল্পকে বেছে নেওয়া হয় স্তন ক্যানসার নিরসনে সৃজনশীলভাবে আইসিটির ব্যবহারে উদ্যোগ নেওয়ার কারণে। মারকুইট বিশ্ববিদ্যালয়ে ‘আমাদের গ্রাম স্তন ক্যানসার প্রশমন সমীক্ষা: পর্যায়-১’ গবেষণা ফরোয়ার্ড থিংকিং পুরস্কার পেয়েছে। সমীক্ষাটি যৌথভাবে পরিচালনা করেন আইবিসিআরএফের অধ্যাপক রিচার্ড লাভ, মারকুইট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ ইকবাল আহামেদ, পিএইচডি শিক্ষার্থী ফেরদৌস কাওসার, মোহাম্মদ তানভীরুজ্জামান, মো. মনিরুল হক ও মোহাম্মদ আদিবুজ্জামান। সম্প্রতি তাঁরা বিশ্ববিদ্যালয়ে এই সমীক্ষা উপস্থাপন করেন।এই সমীক্ষা পরিচালিত হচ্ছে আমাদের গ্রাম আইটি ইনোভেশন সেন্টারের মাধ্যমে। এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের সঙ্গে বাংলাদেশের স্থানীয় তরুণদের কাজের ক্ষেত্র তৈরি করা এবং পরস্পরের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করা। —নিজস্ব প্রতিবেদক