
২০১২ সালে বিশ্বের বহু সম্ভাবনাময় উদ্যোক্তার মাঝে আমরা পরিচিত হই সুমাইয়া কাজীর সঙ্গে। সে বছরটা আক্ষরিক অর্থেই ছিল সুমাইয়ার। ওই বছর এই তরুণী স্থান করে নেন বার্তা সংস্থা রয়টার্স ও ক্লাউট ওয়েবসাইটের তৈরি করা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ৫০ উদ্যোক্তার তালিকায়। সুমাইয়ার অবস্থান সেখানে ১৬তম। তবে এটিই তাঁর প্রথম অর্জন নয়। এ রকম একটি ব্যাপার যে ঘটতে পারে তা জানা গিয়েছিল ২০০৬ সালে, যখন প্রভাবশালী সাময়িকী বিজনেস উইক ২৫ বছরের কম বয়সী সেরা মার্কিন উদ্যোক্তাদের মধ্যে তাঁকে রেখেছিল। পরের কয়েক বছরে সিএনএন, সিলিকন ভ্যালির নানান সাময়িকী হয়ে ২০১২ সালে ফোর্বস, ওয়াইএফএস হয়ে রয়টার্সের তালিকায়। ২০১২ সালে আমরা আরও খেয়াল করলাম, মার্কিন নাগরিক হলেও সুমাইয়া আসলে বিশ্ব-বাঙালি। পৈতৃক বাড়ি বাংলাদেশের জেলা শহর ফেনীতে। বাবা নিজাম উদ্দিন কাজী, মা মেরিনা কাজীর দুই ছেলে আর দুই মেয়ের মধ্যে সুমাইয়া সবার বড়। জন্ম, বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। কদিন আগে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ তাঁকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সেরা বাঙালি অনুপ্রেরণাদাতাদের অন্যতম হিসেবে।
২০০৫ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে থেকে মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিষয়ে পড়ালেখা শেষ করে সানমাইক্রোসিস্টেমে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন সুমাইয়া কাজী। পাশাপাশি শুরু করেন ‘কালচারাল কানেক্ট ডট কম’ নামের একটি অনলাইন মিডিয়ার কাজ। এ প্রতিষ্ঠান থেকে তিনি প্রকাশ করতে শুরু করেন সাপ্তাহিক দ্য দেশি কানেক্ট, দ্য মিডলইস্ট কানেক্ট, দ্য লাতিন কানেক্ট, দি এশিয়া কানেক্ট ও দি আফ্রিকান কানেক্ট নামের পাঁচটি অনলাইন ম্যাগাজিন। সময় গড়ায় আর সুমাইয়ার এ ম্যাগাজিনগুলোর জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়তে থাকে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এসব ম্যাগাজিনের রয়েছে অর্ধলক্ষাধিক গ্রাহক।
শুরু থেকেই সুমাইয়ার লক্ষ্য ছিল তরুণ পেশাজীবীদের গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সে সময় ফেসবুকের মতো যোগাযোগ নেটওয়ার্কের যাত্রা শুরু হলেও সুমাইয়ার মনে হয়েছে, কেবল যোগাযোগের বাইরেও তরুণদের শক্তিশালী কার্যকর নেটওয়ার্ক দরকার। সেই লক্ষ্যে শুরু গ্লোবাল নেটওয়ার্ক সুমাজি ডট কম (www.sumazi.com)-এর। সুমাজি ডট কম শুধু যোগাযোগই নয়, ব্যবহারকারীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়তে সাহায্য করবে। সুমাইয়া বলেন, ‘নিজেদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরির আর ভালো কোনো উপায় ছিল না বলেই আমি “সুমাজি ডট কম” চালু করি। সুমাজি মূলত উদ্যোক্তাদের সহায়তা করার একটি প্ল্যাটফর্ম। ’
নিজে উদ্যোক্তা হওয়ার আগেই সুমাইয়া বুঝতে পেরেছিলেন, সারা বিশ্বে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধানের চিন্তা থেকেই তাঁর উদ্যোক্তা হওয়া শুরু। যদিও সুমাইয়ার জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে, তবে শিকড়ের টান তাঁর গভীর। সময়-সুযোগ পেলেই শাড়ি পরেন। কারণ, শাড়ি তাঁর প্রিয় পোশাক। আর তাঁর ছোটবেলার নায়কদের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, মুহাম্মদ ইউনূস ও ব্যাটম্যান!
শুরুতে তিনজন কর্মী নিয়ে যাত্রা সুমাজি ডট কমের। এখন সেখানে অর্ধশতাধিক কর্মী। স্বপ্ন আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনাটা প্রকাশ করলেন এভাবে, ‘আমার ইচ্ছা আছে সুমাজি ডট কম নিয়ে বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করার। সুমাজি ডট কম বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, যাতে করে সাধারণ মানুষ নিজেদের নেটওয়ার্কের মধ্যে আসতে পারে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পরস্পরকে সাহায্য করতে পারে।’
সুমাইয়ার যাত্রা অব্যাহত থাকুক।