আমার উত্তরটা নিন...
এক রাউন্ড খেলা তখন শেষ। দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতির আগে সঞ্চালক ঘোষণা দিলেন, দর্শকদের জন্য প্রশ্ন করা হবে, সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। সবাই প্রস্তুত। প্রশ্ন শুরু হলো। দর্শকসারির প্রায় পেছনের দিকে এক গৃহবধূ খুব সিরিয়াস ভঙ্গিতে অনুষ্ঠান দেখছেন। তিনি শুধু অনুষ্ঠান দেখছেন না, মনে হচ্ছে কাকে যেন কিছু বলে যাচ্ছেন বিড়বিড় করে। বেশ কিছুক্ষণ সংকেত দেওয়ার পর রাজ্যের বিরক্তি নিয়ে তাকালেন। তবে তাঁর তাকানোর ভঙ্গিটা বলে দিচ্ছিল, বেশিক্ষণ তিনি কথা বলতে রাজি নন। কথা বলার ফাঁকে যদি উৎসবের কিছু মিস হয়ে যায়!জিজ্ঞেস করি, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। উত্তর দেওয়ার আগে ভালো করে পরখ করলেন। জানালেন, তাঁর নাম বিউটি আক্তার। এসেছেন তাঁর তিন ছেলেকে নিয়ে ইন্টারনেট উৎসব উপভোগ করতে। বাড়ি মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায়। এতক্ষণে তিনি আমার পরিচয় পেয়ে তাঁর তিন ছেলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন। সঙ্গে ক্ষোভও প্রকাশ করলেন। কারণ, তাঁর ছোট ছেলে সাব্বির হোসেন যে বিদ্যালয়ে (বজলুস ছোবহান উচ্চবিদ্যালয়) পড়ে, সেখানে কোনো নিবন্ধন ফরম পৌঁছেনি। তার আগ্রহেই তার মা ও তিন ভাই উৎসবে এসেছে।এটি ছিল ৮ অক্টোবর মিরসরাইয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের এক উৎসাহব্যঞ্জক চিত্র। উৎসবের স্থান মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ মুখর হয়ে ওঠে ১১টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণে। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।নিজামপুর মোসলিম উচ্চবিদ্যালয় থেকে এসেছিল তৌহিদুল ইসলাম। সে দশম শ্রেণীর ছাত্র। সে জানায়, ইন্টারনেট দিয়ে এত কিছু জানা যায়, তা আগে বোঝেনি। এই উৎসবের মাধ্যমে তা জানতে পারল। সে জানতে চায়, এই উৎসব আবার কবে হবে। মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মেহদী হাসান। সে জানায়, এত দিন ইন্টারনেট নিয়ে একটা ভীতি কাজ করত সব সময়। এখন সেই ভীতি কেটে গেছে। উৎসবে শিক্ষার্থীদের উৎসাহ ছিল স্টলগুলোতেও। অনেকে লাইনে দাঁড়িয়ে শিখে নেয় কীভাবে অনলাইনে পত্রিকা পড়া যায়। ভিড় ঠেলে অনেককেই দেখা যায় বন্ধুসভার ফরম পূরণ করতে। বন্ধুসভার বন্ধুরা উৎসবের শেষ পর্যন্ত ব্যস্ত ছিলেন বন্ধুসভার ফরম পূরণে সহায়তা করতে।উৎসব এগিয়ে চলে জমজমাটভাবে। প্রতি রাউন্ডে অংশ নেওয়া নির্ধারিত শিক্ষার্থীদের মধ্যে একজন করে বিজয়ী হয়। এভাবে আট রাউন্ডের আটজন সেরা শিক্ষার্থী অংশ নেয় ফাইনাল রাউন্ডে। আর তাদের মধ্য থেকে আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকার এন আর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আবির চৌধুরী।