
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার পর শুরুতেই আমাকে মুগ্ধ করেছিল, এখানকার মেয়েদের হাতের কাজ। খুব অবাক হয়ে দেখেছি, সব মেয়েই কোনো না কোনো হাতের কাজে দক্ষ। কেউ কাপড়ে সুন্দর ফুল তোলে। কেউ নকশিকাঁথা বানায়। তাদের এই দক্ষতাটা আমার চিন্তা বদলে দিয়েছিল। আমার ভাবনা ছিল, কীভাবে তাদের এই প্রতিভাকে কাজে লাগানো যায়। আমার প্রতিষ্ঠান হাতে বুনানোর শুরুটাও বলতে গেলে এসব মেয়েকে দেখেই। আমি নিজেও উলের কাজ খুব পছন্দ করি।

বাংলাদেশে আমার আরেকটা পছন্দের জিনিস রিকশা। তো একদিন আমি ঠিক করলাম, একটা উলের রিকশা বানালে কেমন হয়?
আমার স্বামী গোলাম মোরশেদ আমার সব কাজে উৎসাহ দেয়। এখানেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু উল দিয়ে কি আর রিকশা বানানো সম্ভব? আমরা বরং তার চেয়ে কী করি? একটা রিকশাকেই মুড়ে দিলাম আগাগোড়া উল দিয়ে। ছবিতে দেখছেন আমাদের সেই রিকশাটা।
এখন সেই রিকশাটা নেই। কিন্তু এই রিকশা বানানোটা খুব মজার একটা ঘটনা ছিল। রিকশার ছবি আমি দিয়ে রেখেছি আমার ওয়েবসাইটে। এরপর উল দিয়ে গাছের গোড়া মুড়িয়ে দেওয়ার মতো মজার কাজও আমরা করেছি।
সামান্থা মোরশেদ: প্রধান নির্বাহী পরিচালক, হাতে বুনানো