আমার খুকু মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে মৌসুমী
মায়ের সঙ্গে মৌসুমী

আমার মায়ের ডাকনাম খুকু। এখন খুকুর মতোই হয়ে গেছেন! অসুস্থতার কারণে দিন দিন যেন আরও ছোট হয়ে যাচ্ছেন। অথচ একটা সময় একজন শক্ত-সামর্থ্য, আধুনিক নারীর কথা চিন্তা করলেই আমার মায়ের মুখটা চোখে ভাসত। কী দারুণ ‘স্মার্ট’ ছিলেন! মনে আছে, একবার একটা ছেলে আমাকে চিঠি দিয়েছিল। রীতিমতো ‘প্রেমপত্র’ যাকে বলে! আমি তখন একটু বড় হয়েছি। মাকে সব কথা বলতাম, কিন্তু চিঠির কথা বলতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল। যতই আদর করেন না কেন, মা খুব কড়া শাসনে রাখতেন। ভয় হচ্ছিল, মা যদি আমাকেই দোষারোপ করেন? একসময় সাহস করে বলেই ফেললাম। মা একটুও রাগ করলেন না। ছেলেটাকে বাসায় ডাকলেন, বকাঝকা না করে খুব সুন্দর করে বোঝালেন। ছেলেটার বাবা-মাকে ডাকাডাকি না করে উল্টো নিজেই তার অভিভাবক হয়ে গেলেন! এখন ভাবলে অবাক লাগে। সেই সময়ে মা যেভাবে ব্যাপারটা সামলে নিয়েছিলেন, এখনকার আমিও বোধ হয় ততটা পারব না।
আমরা তিন বোন। কোনো ভাই নেই বলে আত্মীয়স্বজনদের দুশ্চিন্তার কমতি ছিল না। অথচ এ নিয়ে মাকে কখনো আফসোস করতে দেখিনি। মা দৃঢ় গলায় বলতেন, ‘আমার মেয়েরা ঠিকই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে।’ সেই আত্মবিশ্বাসটা আমাদের ভেতরে দিয়েছিলেন বলেই হয়তো আজ আমরা এ অবস্থানে পৌঁছাতে পেরেছি। মা বেতারে গান করতেন। চাইতেন, আমরাও সব সময় কোনো না কোনো সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকি। মেয়েদের ছবি আঁকা, নাচ, গান—সবকিছু শেখানোর ব্যাপারেই তাঁর ছিল দারুণ আগ্রহ। খুব চেয়েছিলেন, আমাকে গান শেখাবেন। আমার অত ধৈর্য নেই বলে পারিনি। কিন্তু আমার ছোট বোনটা ঠিকই গান করছে।
আরেকটা ঘটনা মনে পড়ে। মাঝেমধ্যে ছোট বোনেরা কোনো দুষ্টুমি করে আমার ওপর দোষ চাপিয়ে দিত। মা এসেই খুব বকতেন। আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কেন বকা খাচ্ছি—ভেবে আমার চোখে পানি এসে যেত। আমাকে বকাঝকা করে মা ওদের বলতেন, ‘যাও, আমার মেয়েকে আমি বকলাম। এখন তোমরা খুশি? এবার কান্না থামাও।’ বুঝতাম, আমাকে বকা দিয়ে মা ওদেরই বোঝাতেন। আবার এটাও জানতাম, বড় মেয়ে বলে আমার প্রতি তাঁর আদরটা একটু বেশিই। বোনেরাও সেটা মেনে নিয়েছে। মা এখনো বলেন, ‘আমার বড় মেয়ে সেলিব্রেটি, অনেক মানুষজনের সঙ্গে ওর চলাফেরা। ও যদি হঠাৎ খুব একা বোধ করে, তখন আমাকেই তো ওর পাশে থাকতে হবে।’
আমাদের তিন বোনের কাছেই মা হলেন ‘প্রথম শিক্ষক’। সততা, মিথ্যা না বলা, বিশ্বাসঘাতকতা না করা—অনেকে হয়তো ভাবে, ছোটরা এতসব বোঝে না। কিন্তু মা খুব ছোটবেলায়ই আমাদের এসব শিখিয়েছিলেন। যখন সিনেমায় কাজ করতে শুরু করলাম, মা খুব দ্বিধায় পড়ে গিয়েছিলেন। ভাবছিলেন, ‘মেয়েটা ভুল পথে যাচ্ছে না তো? অনেক টাকাপয়সা হয়ে গেলে মেয়ে হয়তো আমাদের খোঁজ নেবে না।’ পরে যখন চলচ্চিত্রশিল্পেরই অনেক প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী আমার অভিভাবক হয়ে উঠলেন, মা-ও আস্থা পেয়েছিলেন। আমার সঙ্গে বিভিন্ন জায়গায় শুটিংয়ে যেতেন। রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে শুয়ে পড়তাম, মা হয়তো তখন রান্না নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। আবার খুব সকালে উঠেই আমাদের জন্য নাশতার ব্যবস্থা করতেন।
এখনো তাঁর আদরটা সেই আগের মতোই আছে। এখনো আমাকে কোলে নিতে চান, পাশে শুইয়ে ঘুম পাড়াতে চান। আমি বলি, মা, আমি কি আর ছোট আছি? মা বলেন, যখন তোর ছেলেমেয়েরা বড় হবে, তখন বুঝবি। ছোটবেলা থেকে একেক সময় একেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পড়ালেখা, তারপর সিনেমা, বিয়ে, সন্তানদের দেখাশোনা... মনে হয় মার জন্য যতটুকু করার ছিল তার কিছুই করতে পারিনি। মাঝেমধ্যে মনে হয় আবার যদি ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, মার সঙ্গে আরও অনেকটা সময় কাটাতে পারতাম। মনে আছে, ছোটবেলায় কেনাকাটা করতে গেলে মা খুব ঘুরতেন। তাঁর একটা শাড়ি কিনতে দশটা দোকান ঘুরতে হতো। বাবা খুব বিরক্ত হতেন। কিন্তু আমার খুব মজা লাগত! ছোট্ট আমি মায়ের হাত ধরে টুকটুক করে হাঁটতাম আর অবাক হয়ে আশপাশটা দেখতাম। সবকিছু কী রঙিন লাগত! জীবনের সেই রংগুলো এখন খুব মিস করি।
অনুলিখিত

মা নিয়ে লিখেছেন—