মানুষের আজ সবচেয়ে বড় প্রয়োজন একতা ও সংহতি।
...আণবিক যুদ্ধের সম্ভাবনা দূর করাই আজ সবচেয়ে বড় প্রয়োজন। তাই আন্তর্জাতিক স্তরে সমঝোতার এত চেষ্টা। একদিন ছিল, যখন যুদ্ধে একজনের জয় আর একজনের পরাজয় হত। সে কানুন আজ উল্টে গেছে। আণবিক যুদ্ধের সম্ভাব্য ফল উভয় দলের পরাজয় ও বিনাশ। এমনকি তার ফলে সব মানুষেরই বিনাশও অসম্ভব নয়। প্রথম বিশ্বযুদ্ধের কিছু পরে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে পদার্থবিজ্ঞানী আইনস্টাইন ও মনোবিজ্ঞানী ফ্রয়েডের ভেতর, যুদ্ধের ভয়াবহ ফল সম্বন্ধে সজাগ ও সচেতন হয়ে মানুষ কি করে যুদ্ধ একেবারে বন্ধ করে দিতে পারে, এই বিষয়ে এক পত্র বিনিময় হয়। তাঁরা দু’জনেই বর্তমান যুগের অতি বড় মনীষী। তাঁরা দুজনেই শান্তিকামী, শান্তিবাদী অর্থাৎ তাঁদের দু’জনেরই যুদ্ধবিরোধী মনোভাব।
১৯১৪ সালের পয়লা আগস্ট প্রথম বিশ্বযুদ্ধের যে তাণ্ডবের সূচনা আর ১৯১৮ সালের এগারোই নভেম্বর যার পরিসমাপ্তি, তার ব্যাপক কুফল স্মরণ করেই ১৯৩৯ সালের পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে তার প্রচণ্ডতা অনেক বেশি। ১৯৪৫ সালে জার্মেনির আত্মসমর্পণে তার আংশিক পরিসমাপ্তি ঘটে। তার প্রায় চার মাস পরে নাগাসাকি ও হিরোসিমাতে আণবিক বোমা বর্ষণের পর জাপানের আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মারণযজ্ঞের পূর্ণাহুতি। আণবিক শক্তি আবিষ্কারের সঙ্গে সঙ্গে যুদ্ধের ধ্বংসকারী সম্ভাবনা এত বেড়ে গেছে যে, তাতে আইনস্টাইন প্রমুখ বৈজ্ঞানিক এবং আরও অনেক মনীষী মনে করেন, আবার যদি বিশ্বযুদ্ধ বাধে তবে মানব-সমাজ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। মানুষের এই সামগ্রিক ধ্বংসের সম্ভাবনায় অত্যন্ত ত্রস্ত ও বিচলিত হয়ে মানবদরদী আইনস্টাইন বলেছেন: তিনি যদি আগে জানতেন যে, আণবিক শক্তির এমন অপব্যবহার হতে পারে তাহলে সে শক্তি আবিষ্কারের চেষ্টা না করে তিনি বরং একটা সামান্য ছুতোর হয়ে থাকতেন। ১৯৩৯ সালে ফ্রয়েডের মৃত্যু হয়। কাজেই দ্বিতীয় যুদ্ধের ধ্বংসতাণ্ডব তিনি দেখেন নি। তবুও ভাবি আশঙ্কা তাঁর সৃজনী মনে যে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল, পত্রে তারই অভিব্যক্তি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই আমেরিকার রিপাবলিকান পার্টির নেতা প্রসিদ্ধ জননায়ক উইণ্ডেল উইল্কি প্রেসিডেন্ট রুজভেল্টের অনুরোধে সারা দুনিয়া ঘুরে যুদ্ধের গতিবিধি পর্যবেক্ষণ করেন। আমেরিকা থেকে রাশিয়ার শেষ প্রান্ত পর্যন্ত মধ্যপ্রাচ্য ও চীনে উড়োজাহাজে ঘুরে বেড়াতে উইল্কির মাত্র ১৬০ ঘণ্টা সময় লাগে। ...তাঁর অতি জনপ্রিয় গ্রন্থ ‘ওয়ান ওয়ার্ল্ড-এ বিশ্বযুদ্ধের পরিবেশের এই অভিজ্ঞতা উইল্কি অতি সহজ ও সরলভাবে উপন্যাসের মত চিত্তাকর্ষক করে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আজকের দিনের জগতে আবাদের সব সার্থক চিন্তাই সার্বভৌম ও সার্বজনীন হওয়া প্রয়োজন, কারণ সব মানুষের স্বার্থ আজ আসলে এক। রাজনৈতিকের সুক্ষ্ম ক্ষুরধার দৃষ্টির সঙ্গে সংসারকের অকপট, অকৃত্রিম অনুরাগ মিশিয়ে উইল্কি বলেছেন: শুধু রাজনৈতিক স্তরে আন্তর্জাতিকতাকে মেনে নিলেই চলবে না। অর্থনীতির স্তরেও তার বুনিয়াদ দৃঢ় করতে হবে। আন্তর্জাতিকতার অর্থনৈতিক কাঠামো যদি দুর্বল হয় তবে তা বালির ভিত্তিতে গড়া প্রাসাদের মতই ধ্বসে পড়বে।
গোবিন্দ চন্দ্র দেব রচনাবলীর ‘আমার জীবন দর্শন’ লেখা থেকে