
ফ্যাশন ডিজাইনার আনিলা হক৷ পছন্দ করেন গান শুনতে, ঐতিহ্যবাহী গয়না সংগ্রহ করতে৷ আজ থাকছে তাঁর স্টাইল৷
অনেক ব্যস্ততায় অফিসের মিটিংয়ের ফাঁকে জানালা দিয়ে চোখে পড়ে কি খোলা আকাশ? সকালে অফিসে আসার সময়ে গাড়ির কাচে বৃষ্টির ফোঁটা দেখে কি দরজা খুলে নেমে যেতে ইচ্ছে করে? খুব ব্যস্ততা, ঝকঝকে গ্ল্যামারের জগৎটা ছেড়েছুড়ে একদম নীরব, নিস্তরঙ্গ জীবনে চলে যাওয়ার স্বপ্ন বোধ হয় অনেকেই দেখেন৷ এই স্বপ্ন পূরণ করে ফেরা মানুষদের দলেই পড়েন ডিজাইনার আনিলা হক।
‘পেছনে পাহাড়৷ সামনে ছোট্ট নদী৷ এর মাঝখানে আমাদের বাড়িটা। ঘর গোছানো, রান্না করা, বন্ধু-আত্মীয়দের আপ্যায়নে কেটে যায় সময়। আগের ব্যস্ত জীবনটা যে মিস করি তা নয়৷ ২১ বছর বয়স থেকেই কাজ করছি৷ অনেক তো পেয়েছি। জীবনে কিছু করা হয়নি, এমন কখনো মনে হয় না।’ বললেন তিনি। জার্মানিতে থাকেন এখন তিনি। সম্প্রতি ঢাকায় এসেছেন মা-বাবার সঙ্গে সময় কাটাতে। ২ জুন তাঁর ঢাকার বাসায় কথা হলো৷

ঈদ, পয়লা বৈশাখ বা অন্য কোনো পার্বণ এলে ফ্যাশন হাউস অ্যান্ডেজের কথা মনে পড়ে যায় অনেক ফ্যাশনপ্রেমীর। আনিলা হকের নকশা করা পোশাকগুলো সযত্নে তুলে রেখেছেন অনেকে। আবার কি পাওয়া যাবে এসব? ‘এখন ছবি আঁকা হয়। স্বামী আর পরিবারের সদস্যদের জন্য তো পোশাকের নকশা করিই। নিজের জন্যও করা হয়।’ বললেন আনিলা। বিয়ের পর ২০১০ সালে পাড়ি জমান তিনি জার্মানিতে। অ্যান্ডেজের কার্যক্রম বন্ধ হয় ২০১২ সালে৷ তাঁর স্বামী মিখায়েল শ্যোরম্যান কাজ করছেন সিমেন্সে প্রকৌশলী হিসেবে। বিদেশে থেকেও তো চালানো যেত ফ্যাশন হাউস। তবে যা করবেন সম্পূর্ণ মনোযোগ দিয়েই করবেন বলে সেই দোটানায় আর যাননি তিনি৷

আনিলার নকশা করা পোশাকের পাশাপাশি তাঁর নিজস্ব স্টাইলও প্রশংসা পায়। ‘আমি নিজে যেমন পোশাক পরি, অ্যান্ডেজেও সে রকম পোশাকই রাখতাম। এটা ছিল যেন আমার ওয়ার্ডরোবেরই একটা সম্প্রসারণ।’ ক্যালিগ্রাফি আর টাইপোগ্রাফির ব্যবহারে পোশাকের নকশা করার ধারণাটাও জনপ্রিয় করে তোলেন তিনি৷ ‘এই যে ওড়নাটা পরে আছি, এতে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা আছে আমার নাম।’ বলেন তিনি।

জার্মানিতে নিত্যকার পোশাকের মধ্যে লিভাইসের জিনস থাকেই। সঙ্গে পরেন সাদা শার্ট। ফিটেড স্কার্টও পরতে ভালোবাসেন। পাঞ্জাবিও বেশ পরা হয়, পায়ে পরেন বুট।
কোথাও বেড়াতে গেলে খঁুজে নেন সেখানকার ঐতিহ্যবাহী অনুষঙ্গগুলো। পোল্যান্ডের অ্যামবার পাথর, জয়পুরি কুন্দন আছে তাঁর পছন্দের তালিকায়। রাজস্থানের যেকোনো শিল্পকর্মই ভালো লাগে বলে জানালেন৷ আর বাংলাদেশের খাদির প্রতি টান তাঁর৷ আরও ভালো লাগে এ দেশে তৈরি সিন্দুক, টেবিল, কারুকাজ করা দরজা। শাঁখা-পলা আর আঁচলে বেঁধে রাখা চাবির গোছার প্রতিও ভালোলাগা তাঁর৷
গান শোনার ঝোঁক খুব, নিজেও গান করেন৷ গজল শুনতে পছন্দ করেন। ‘গালিবের শব্দচয়ন এত সুন্দর। মেহেদি হাসান আর হরিহরণের গায়িকও খুব ভালো লাগে।’ বললেন তিনি৷

কারাতের ব্ল্যাকবেল্ট পেয়েছেন, একসময় নিয়মিত চর্চা করতেন। এখন প্রতিদিন হাঁটেন। বাড়িতে বাইকে শরীরচর্চা করেন। ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তোলাটা খুব জরুরি বলে মানেন। জার্মানিতে থাকার সময়ে ত্বক-চুল আর হাত পায়ের যত্ন নিজেই করে নেন। ত্বক ও চুল ভালো রাখতে ডিম আর দুধ খান নিয়মিত।
বেড়ানো আর ছবি তোলার শখ আছে তাঁর৷ আর এ জন্য সেরা সঙ্গী তাঁর স্বামী মিখায়েল। ‘কখনো মোটরসাইকেল, কখনো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। জাদুঘর, পুরোনো প্রাসাদ দেখতে যাই।’ জানালেন আনিলা।