আমার পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেচার ইন স্কুল উত্সবে রঙের খেলা
নেচার ইন স্কুল উত্সবে রঙের খেলা

‘স্কুলে আসব আর ক্লাসের ফাঁকে বাদাম বা ঝালমুড়ি খাব না সেটা তো হয় না। তবে খাওয়ার পর হাতে থাকা খালি প্যাকেটটা কোথায় ফেলছি সেটাও দেখতে হবে। নিজের কারণে যাতে স্কুলের আঙিনা নোংরা না হয় সেদিকে খেয়াল থাকা দরকার সব শিক্ষার্থীরই। তাহলেই নিজেদের স্কুলের পরিবেশ থাকবে সুরক্ষিত। আর এই ধারণা নিয়েই আমরা কাজ করব আমাদের স্কুলের পরিবেশ ভালো রাখতে।’ নিজের সচেতনতা নিয়ে এভাবেই জানাল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আজহার উদ্দিন।

১৫-১৬ নভেম্বর এই স্কুলে আয়োজন করা হয় ‘নেচার ইন স্কুল’ নামের একটি উৎসবের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের সংগঠন জংশন আয়োজন করে এই উৎসবের। যেখানে নিজেদের স্কুল ও চারপাশ সুন্দর রাখার বিষয়ে হাতেকলমে শিক্ষা নেয় কয়েক শ শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের সবাই মতিঝিল আইডিয়াল স্কুলের তৃতীয়, চতুর্থ ও নবম শ্রেণীর শিক্ষার্থী।

উৎসবের প্রথম দিন সকালে নাম নিবন্ধনের পর শিক্ষার্থীদের ভাগ করে দেওয়া হয় ১০ জনের একটি করে দলে। এরপর স্কুলের ভেতরেই মাঠের আশপাশে কীভাবে পরিচ্ছন্ন ও সবুজে ভরে তোলা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন স্থপতি হাসিবুল কবির চৌধুরী। গাছ কীভাবে লাগাতে হয়, গাছের পুষ্টি, পানি দেওয়া ও যত্ন নিতে হয় কীভাবে সেসব বিষয়ে ছেলেমেয়েদের ধারণা দেন তিনি। রাতে স্কুলের একটি দেয়াল রঙিন করে দেন জংশনের সদস্যরা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগঠন জংশন, যাঁদের স্বপ্ন বাংলাদেশকে একটি আলোকিত দেশ হিসেবে গড়ে তোলা। জংশনের অন্যতম সমন্বয়কারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজেদুল হক বলেন, ‘আমরা “নেচার ইন স্কুল” কার্যক্রমের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের হাতেই সাজাতে চেয়েছি তাদের স্কুল।’

 উৎসবের দ্বিতীয় দিনে কুইজ শো, ছবি আঁকা, গাছ লাগানো ইত্যাদি বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এই সময়ে শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থপতি সামসুল ওয়ারেস, ভাস্কর মৃণাল হক ও স্থপতি অভিনয়শিল্পী অপি করিম।