
আমার বাবা বরাবরই খেলার পাগল। মাকেও দলে টেনে নিয়েছেন। এটা যে সময়ের ঘটনা, আমার ভাই তখন ছোট। আমি আরও ছোট। এ রকম একটা উত্তেজনার খেলা শুধু মা-বাবা দেখবেন আর তাঁদের ছানাপোনা বিছানাজুড়ে ঘুমাবে, এটা মেনে নেওয়া বাবার জন্য কঠিন হয়ে গেল। দিন দুয়েক চিন্তা করে ভয়াবহ এক ডায়ালগ আবিষ্কার করে ফেললেন তিনি। দুজনকে ডেকে নিয়ে বললেন, ‘এখন থেকে যে আমার সঙ্গে রাতে খেলা দেখবে, আমি বুঝব, সে আমাকে বেশি ভালোবাসে।’
আমার বয়স তখন খুবই কম। ভালোবাসা যে ফুটবল খেলা একসঙ্গে না দেখলেও প্রকাশ করা যায়, সেটা বোঝার বুদ্ধি ছিল না। কিন্তু আমার ভাইয়ের ছিল। খেলার সময়ও সে বিছানায় টানটান হয়ে শুয়ে রইল। তাকে কোনোভাবেই ওঠানো যায় না।
বাবা বুদ্ধিমান মানুষ। মাও কম নন। এবার বুদ্ধি বের করা হলো, খেলোয়াড়দের নাম মুখস্থ করতে পারলে প্রতিটি নামের জন্য ১০ টাকা। আমি বিষয়টাকে পাত্তা দিলাম না। সুযোগটা নিল ভাই। সে যে বড় হয়ে ডাক্তার হবে, সেটা আমরা তখনই বুঝে ফেললাম। ঘণ্টা খানেকের মধ্যে তার মাটির ব্যাংক ১০ টাকার নোটে ভরে গেল।
তার পরও আমরা খেলা দেখি না। মা-বাবা আরেকটা গুলি ছুড়লেন। জানানো হলো, খেলার সময়টায় বাসায় মজার খাবারদাবার রান্না হবে। যে খেলা দেখবে, সে খেতে পারবে। বাকিরা বাদ! ঘটনা সত্যি বুঝতে পেরে শেষে অবস্থা এমন যে আমরা দুই ভাইবোন মা-বাবার আগে উঠে বসে থাকি।
এত বছর পরও আমি শুধু খাবারের লোভেই খেলা দেখতে রাজি। বাকিরা খুব সিরিয়াস। ভাই ইংল্যান্ডের দলে। বাবা স্পেনের কঠিন সাপোর্টার। গতবার স্পেন কাপ নেওয়ার পর বাবা আমাদের আস্ত একটা ছাগল খাইয়ে ফেললেন। আমি এবারও আশায় ছিলাম। কিন্তু স্পেন যেভাবে মান-ইজ্জত মেরে বিদায় নিল, তাতে দুদিন শোকে কাতর হয়ে বাবা জার্মানির দিকে গেছেন। জার্মানির অবস্থাও মনে হচ্ছে নড়বড়ে। মা যদিও বাগ্যুদ্ধে নামেন না, তবে ভেতরে ভেতরে যে ব্রাজিলের জয়ের আশায় আছেন, সেটা দৃশ্যমান!
আগে যন্ত্রণা শুধু বাসা আর স্কুলেই আটকে ছিল। এখন সেটা বন্ধুবান্ধব, টিচার, ফেসবুক—সব জায়গায় ছড়িয়ে গেছে। ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তরা যে যেভাবে পারছে অন্য দলকে উড়িয়ে দিচ্ছে। ঝগড়া, মারামারি, হাতাহাতি কিচ্ছু বাদ নেই।
আজকাল বাড়ির ছাদ থেকে শুরু করে গাড়ির ডান্ডা—সব জায়গায় যেভাবে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা ঝুলছে, আমি মোটামুটি নিশ্চিত, এবার কাপ ব্রাজিল বা আর্জেন্টিনাই নেবে। এই দুই দল না পারলে বাংলাদেশ থেকে ভক্তরা গিয়ে বাকি দলগুলোকে মেরে পিটিয়ে কাপ দিয়ে আসবে নিজের পছন্দের দলের দেশে!
একেই মনে হয় বলে বিশ্বকাপ-জ্বর!
দিলরুবা শারমিন
পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়