আমার মা-ই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

জানি, তোমার কাছে তোমার মা-ই সেরা। কিন্তু কেন বলো তো? ঢাকা শহরের স্কুলগুলো ঘুরে এই প্রশ্নই আমরা করেছিলাম ছোটদের কাছে। শুনে তোমাদের কেউ কেউ কপট রাগের চোখে তাকিয়েছিল। যেন বলতে চাইছিল, ‘আমার মা যে সেরা, সে তো সবাই জানে! অত জিজ্ঞাসা করার কী আছে!’ তবু, এই ‘বোকার মতো’ প্রশ্নের উত্তরটাই আমরা খুজেছিলাম।
কাজি আরাফ, কেজি, বিয়াম মডেল স্কুল।
মায়ের নাম: ফারহানা আহমেদ
আম্মু অনেক ভালো, কারণ আম্মু ভাত খাইয়ে দেয়। আর আমাকে বেড়াতে নিয়ে যায়। (এটুকু বলেই দৌড়!)
তাসনিমা আনজুম, চতুর্থ শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল।
মায়ের নাম: মমতাজ খাতুন
সবার আম্মুই যার যার কাছে সেরা। আমার বেলায়ও তা-ই। আম্মুর চেয়ে মজার রান্না পৃথিবীর আর কোনো রাঁধুিন করতে পারবেন না। আমার আম্মু এত সুন্দর যে বন্ধুরা বিশ্বাসই করতে চায় না, আমার আরও দুটো বড় ভাইবোন আছে! আম্মু নিয়মিত পড়ায় বলেই পড়ালেখায় ভালো করতে পারছি। আম্মুকে তাই অনেক ভালোবাসি।
ফুলেশ্বরী পারমিতা, সপ্তম শ্রেণী, নালন্দা বিদ্যালয়।
মায়ের নাম: প্রীতি সাহা
মায়ের সবচেয়ে মজার বিষয় হলো, কোনো ভুল করলে অনেকক্ষণ বকা দেয় আবার কিছুক্ষণ পরই আদর করে করে মাথায় তুলে ফেলে! সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত মা ছাড়া আমি ভাবতেই পারি না। এটা আমার সমস্যা িক না, জানি না৷ মা ছাড়া আর কারও হাতের রান্নাই আমার ভালো লাগে না। মা কী কী দিয়ে কী যেন রেঁধে ফেলে! মা আছে বলেই পড়ালেখার পাশাপাশি নাচটাও করতে পারছি। তার পরামর্শেই কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। আমার মা-ই পৃথিবীর সেরা মা কি না, আমি জানি না, কিন্তু আমার কাছে সে-ই সেরা।

আবদুল্লাহ আল রাফিদ খান, তৃতীয় শ্রেণী, কিডস ক্যাম্পাস উত্তরা।
মায়ের নাম: রেহানা আক্তার
আম্মু আমার অনেক প্রিয়, কারণ আম্মু আমাকে অনেক আদর করে আর অনেক ভালোবাসে। আমাকে পড়াশোনায় সাহায্য করে, আমাকে পছন্দের জিনিসগুলো কিনে দেয়। আর অনেক মজার মজার খাবার খাওয়ায়!

নওরিন আনজুম, পঞ্চম শ্রেণী, মাস্টারমাইন্ড।
মায়ের নাম: সুরাইয়া হোসেন
আমার মা আমার কাছে শুধু সেরা মা-ই না, সেরা নারীও। তিনি আমাদের পরিবারের জন্য অনেক কাজ করেন, কিন্তু কখনো ক্লান্ত হন না। যেকোনো সমস্যায় তিনি পাশে থাকেন। জানি না তাঁর মধ্যে কী আছে, কিন্তু একটা কিছু আছে, যেটা আমার সব প্রয়োজন মিটিয়ে দেয়।

জাহরা খান, তৃতীয় শ্রেণী, জুনিয়র ল্যাবরেটরি স্কুল।
মায়ের নাম: নাফিসা সুলতানা
আমার আম্মু দুনিয়ার সেরা আম্মু। আম্মু অনেক ‘সুইট’! আম্মু খুব মজার পিৎজা বানায়। আমাকে অনেক আদর করে। আমার সঙ্গে পুতুল খেলে। আমার চুল বেঁধে দেয়।

এহসান ফেরদৌস, পঞ্চম শ্রেণী, গভ. ল্যাবরেটির হাইস্কুল।
মায়ের নাম: সানজিদা খানম
আম্মু আমার অনেক প্রিয়, কারণ আম্মু আমার সব কথা শোনে। আর আমি বেশি বেশি দুষ্টুমি করলেও অল্প অল্প বকা দেয়!

সুমাইয়া নূরেইন ইসলাম, অষ্টম শ্রেণী, ওয়াইডব্লিউসিএ।
মায়ের নাম: আমিনা বেগম
আমার আম্মু অন্য সব আম্মুর চেয়ে সেরা, কারণ আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করেন। আমি কোনো কিছু খাওয়ার আবদার করলে বানিয়ে দেন। আম্মু আমার ‘বেস্টফ্রেন্ড’। আম্মুকে আমি আমার সব কথা বলি। আমাকে অনেক উপহার দেন। আদরের পাশাপাশি শাসনও করেন।

মুহ্তাদি বিন মাহমুদ, দ্বিতীয় শ্রেণী, সাউথ পয়েন্ট স্কুল।
মায়ের নাম: নায়েমা চৌধুরী
(প্রথমে তার ভাব দেখে মনে হলো সে এখনই একটা কবিতা আবৃত্তি করবে!) মা আমার অনেক যত্ন নেয়। আমি কী চাই, সেটা বুঝে যায়। আর বলতে পারব না!

ফারহিন ইসলাম, পঞ্চম শ্রেণী, ম্যাপললিফ ইন্টারন্যশনাল।
মায়ের নাম: সানজিদা আক্তার
সারা পৃথিবীতেই তো কত মা আছেন, কিন্তু আমি জানি, আমার মা-ই সেরা। আমার মা সবচেয়ে সুন্দর। তিনি আছেন বলেই আমার মুখে সব সময় হাসি থাকে। মা হলেন আল্লাহর কাছ থেকে একটা উপহার।

অঙ্কিত বড়ুয়া, তৃতীয় শ্রেণী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
মায়ের নাম: কনক বড়ুয়া
আমার আম্মু অন্য আম্মুদের থেকে মজার রান্না করে। আমাকে অকারণে বকা দেয় না। আমাদের তিন ভাইবোনকেই সমান আদর করে।