আমার সুইস ব্যাংক দর্শন ও বিনা মূল্যে সুইস ব্যাংকের জন্য কিছু পরামর্শ
বছর দুয়েক আগে সুইজারল্যান্ড থেকে ফিরে এসে
২০১১ সালের সেপ্টেম্বর মাস। সকাল আটটা-নয়টা বাজে। সুইজারল্যান্ডের জেনেভা বাস টার্মিনালে নেমেই মনে হলো আর চিন্তা নেই। অন্তত টাকা নিয়ে তো নেই-ই। হাতে যে কয়টা ইউরো ছিল তা প্যারিস ঘুরতে শেষ হয়ে গেছে। তার পরও শেষ কয়টা সম্বল দিয়ে জেনেভা যাওয়ার প্লেনের টিকিট হয় না বলে বাসের টিকিট কেটেছি। মনে আশা, কোনোমতে সুইজারল্যান্ডে পৌঁছাতে পারলে টাকা নিয়ে সমস্যা হবে না। আমার দেশের এত এত লোকের এত এত কোটি টাকা এই দেশের একটি ব্যাংকে জমা আছে যে গিয়ে বাংলাদেশি পরিচয় দিয়ে আমার আর্থিক সমস্যার বয়ান করলে তারা খাতির করে চা-পানি খাইয়ে কয়েক হাজার ইউরো অবশ্যই ধার হিসেবে ধরিয়ে দেবে। হাজার হলেও তাদের অন্যতম প্রধান ক্লায়েন্টের দেশের লোক বলে কথা!
তাই বাস টার্মিনালের ওয়াশরুমে হাত-মুখ ধুয়ে ব্যাকপ্যাকটা পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম সুইস ব্যাংকের একটা শাখার খোঁজে। মনে আরও একটা ইচ্ছা আছে—জীবনে এত নাম শুনেছি সুইস ব্যাংকের, সেটার ভেতরে গিয়ে দেখা, সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেসবুকে দেওয়া। সেটাও এবার হচ্ছে ভেবে মনটাই ভালো হয়ে গেল। কিন্তু পাক্কা দুই ঘণ্টা হেঁটে শহরের একটা অংশ চষে বেড়িয়ে নানা ব্যাংকের দেখা পেলেও যখন ‘সুইস ব্যাংক: আপনার সেবায় নিয়োজিত’ টাইপ কোনো সাইনবোর্ড খুঁজে পেলাম না, তখন ভাবলাম এদেরও মনে হয় মতিঝিল, দিলকুশা টাইপ কোনো বাণিজ্যিক এলাকা আছে। সেখানে ছাড়া জেনেভার অন্য কোথাও সুইস ব্যাংকের কোনো শাখা নেই। তো তাদের মতিঝিল যাওয়ার রাস্তার খোঁজে হাজির হলাম একটা টুরিস্ট ইনফরমেশন কেন্দ্রে। সিটে বসা তরুণীকে আমার মনের কথা বলতেই যা বলল, তাতে আমি বিরক্ত। এমন অকাট মূর্খকে কেন সুইস সরকার টুরিস্ট ইনফরমেশন সেন্টারের মতো এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসিয়েছে ভেবে পেলাম না। সে বলল, সুইস ব্যাংক নামে কোনো ব্যাংকই নাকি এখানে নেই। আমি বলি, তুমি বললেই হলো? আমাদের দেশের সব বড়লোক এখানে টাকা রাখে। তারা হাওয়ায় রাখে নাকি টাকা? তুমি কিছুই জানো না।
তরুণী বলল, ‘আমি জেনেই বলছি, এই নামে সুইজারল্যান্ডে কোনো ব্যাংক নেই।’
‘সুইস ব্যাংক তাহলে একটা মিথ নাকি?’
‘না, মিথ হবে কেন? সুইস ব্যাংক নামে আলাদা করে কোনো ব্যাংক নেই এটা যেমন ঠিক, আবার সুইস ব্যাংক আছে এটাও ঠিক।’
‘হেঁয়ালি ছেড়ে ঝেড়ে কাশো বাবা। এত পেঁচিয়ো না। তোমার কাজ স্ট্রেইট তথ্য দেওয়া, জিলাপি বানানো না।’
‘আমি স্ট্রেইটই বলছি। এই নামে ব্যাংক নেই সত্যি কিন্তু সুইস ব্যাংক ব্যবস্থার অধীনে যেসব ব্যাংক আছে যেমন ইউবিএস, ক্রেডিট সুইস, এমআইজি ব্যাংকসহ অন্যান্য ব্যাংককে সুইস ব্যাংক বলে। কাজেই তুমি এসব ব্যাংকের যেকোনো একটাতে গেলেই সুইস ব্যাংকে পৌঁছে যাবে। তবে আজ এবং কাল তো সব ব্যাংক বন্ধ। তোমার লাক খারাপ। তুমি কোনোটাতেই ঢুকতে পারবে না। ধন্যবাদ।’
এবার আমি নিজেই বেকুব হয়ে গেলাম। বলে কী! কত অজানা। এত দিন তাহলে এমন ভুল জেনে এসেছি! সুইস ব্যাংক নামে কোনো ব্যাংক নেই, এই তথ্য সত্যিই আমি বিশ্বাস করতে পারছিলাম না। এরপর দুই দিন ছিলাম জেনেভায়। আমার দুই চোখ একটা অলীক বিশ্বাসে ভর করে শুধু খুঁজে বেড়িয়েছে ‘সুইস ব্যাংক: আপনার সেবায় নিয়োজিত’ লেখা একটা সাইনবোর্ড। যদি দেখা যায়, যদি দেখা যায়!
২.
গত ২৪ জুন প্রথম আলোর প্রথম পাতায় একটি খবর বেরিয়েছে। ২০১২ সালে বাংলাদেশিদের ১৯০৮ কোটি টাকা গচ্ছিত আছে সুইস ব্যংকে, যা খুবই নগণ্য। সুইস ব্যাংকে টাকা রাখার দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, জার্সি, গুয়েরনসে, জার্মানি, ফ্রান্স, বাহামা ইত্যাদি দেশ। এমনকি ভারতও আমাদের থেকে এগিয়ে আছে। এটা কোনো কথা হলো! আমাদের এত দুর্নীতির টাকা তাহলে যাচ্ছে কোথায়? সুইস ব্যাংকে টাকা রাখায়ও আমরা প্রথম হতে পারলাম না! আমরা টাকা রাখছি অন্য দেশের ব্যাংকে? সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, আমেরিকাসহ ইউকের বিভিন্ন ব্যাংক দখল করে নিচ্ছে সুইস ব্যাংকের জায়গা। এসেছে নতুন ব্যাংক, তাকে ছেড়ে দিতে হবে স্থান?
স্পষ্টতই দেখা যাচ্ছে, সুইস ব্যাংক আমাদের দেশে জনপ্রিয়তা হারাচ্ছে। ২০০৭ সালেও এখনকার চেয়ে বাংলাদেশিদের বেশি টাকা ছিল সুইস ব্যাংকে। জনপ্রিয়তা ধরে রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কী করে? জি হ্যাঁ, বিজ্ঞাপন দেয়। রেডিও, টিভি, পত্রিকা ফাটায়ে ফেলে। আজকাল তো আবার ফেসবুকেও বিজ্ঞাপন দেওয়ার চল শুরু হয়েছে। তো সুইস ব্যাংক যদি তাদের ব্যবসা ধরে রাখতে চায়, তবে বিজ্ঞাপন না দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তাদের মার্কেটিং বিভাগে নতুন লোক বসিয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। দারুণ দারুণ লিফলেট বানিয়ে নেতা-নেত্রীদের বাসার পত্রিকার ভাঁজের ভেতর গুঁজে দিতে হবে। এমপি-মন্ত্রী ও শিল্পপতিদের আবাসিক এলাকায় ডিশ কেবেলর মাধ্যমে কাস্টমাইজড বিজ্ঞাপন ছাড়তে হবে।
ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য দিতে হবে নানা রকম অফার। যেমন: একটি অ্যাকাউন্ট খুললে সুইস যেকোনো ব্রান্ডের ঘড়ির ওপর ১০ শতাংশ ছাড়, সামার কামড়ে খাওয়ার অফার, শীতের উষ্ণ অফার, বর্ষায় রিমঝিম অফার। সুইস ব্যাংক চতুর্থ মাত্রা, সুইস ব্যাংক ব্যাঁকা কথা, সুইস ব্যাংক আগামীকালের বাংলাদেশসহ রাতে টিভিগুলোতে যে টক শো হয়, সেসবের টাইটেল ব্রান্ডিং করতে হবে। প্রতিটি টিভির জন্য কিনে নিতে হবে ‘সুইস ব্যাংক সংবাদ শিরোনাম’। খেয়াল রাখতে হবে কখন কোন নেতা কোন মন্ত্রণালয় পেলেন, কোন ত্যাগী নেতা কোন প্রজেক্টে হাত দিলেন, কিসের কন্ট্রাক্ট পেলেন। তারপর সেসব নেতা বা ব্যবসায়ীর বাসায় সরাসরি এজেন্ট পাঠিয়ে ‘ধর তক্তা মার পেরেক’ স্টাইলে অ্যাকাউন্ট ওপেনিং ফরম পূরণ করিয়ে ফেলতে হবে। শুভেচ্ছা উপহার হিসেবে তাৎক্ষণিকভাবে দিতে হবে টাকা গোনার মেশিন।
অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শুধু যে সুইস ব্যাংকই এগিয়ে আসবে এমন কোনো কথা নেই। আমরা দুর্নীতিতে সেরাদের তালিকায় প্রথম সারির একটা দেশ।
সেই দুর্নীতির টাকা দিয়েও যদি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট না খুলি মা কেমনে সকাল হবে? কীভাবে রক্ষিত হবে
দেশের ভাবমূর্তি! গাছের তলারটাও
খাবা খাও, দুর্নীতির টাকা সুইস ব্যাংকে জমা রেখে দেশের ভাবমূর্তিটা অন্তত বাড়াও। আমাদের সরকারকেও এগিয়ে আসতে হবে। হল-মার্কের তানভীরের মতো লোকদের সুইস ব্যাংকে টাকা রাখার শর্ত জুড়ে দিয়ে ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গি দেখাতে হবে। এক তানভীরই যদি তার সব টাকা সুইস ব্যাংকে রাখে, তাহলে ভবিষ্যতে আর বিশ্বের বুকে আমাদের এমন অপমানিত হতে হবে না
বলেই রস+আলো বিশ্বাস করে।