
মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর মিসরে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন হাজেম আল বেবলাউয়ি। অগ্নিগর্ভ মিসরের পরিস্থিতি নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন বেবলাউয়ি। তাঁদের কথোপকথনের উল্লেখযোগ্য অংশ:
সিএনএন: মিসর কি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে?
বেবলাউয়ি: মিসর গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে মনে করি না আমি। তবে পরিস্থিতি অবশ্যই উত্তপ্ত।
সিএনএন: বিক্ষোভকারীদের অনেকেই মাথা, বুক ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী কি তাদের সুনির্দিষ্টভাবে গুলি করে হত্যা করছে?
বেবলাউয়ি: নিরাপত্তা বাহিনী নিশ্চয়ই সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
সিএনএন: মুরসি আটক। তাঁর সমর্থকদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। এভাবে কি রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব? ব্রাদারহুড কি এর মধ্যেথাকবে?
বেবলাউয়ি: সবাই সবার মত প্রকাশ করতে না পারলে মিসর এগিয়ে যেতে পারবে না। আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় ব্রাদারহুডের অংশগ্রহণ চাই, কিন্তু তা অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে।
সিএনএন: মুসলিম ব্রাদারহুড কি নিষিদ্ধ হতে পারে? বা তাদের রাজনীতিকে কি বৈধতা দেওয়া হবে?
বেবলাউয়ি: রাজনৈতিক দলের সঙ্গে ধর্মের সংমিশ্রণের বিষয়টি মেনে নেওয়া যায় না। এই দেশে প্রতিটি ধর্মের মানুষকে সমানভাবে দেখতে হবে। কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো গণতন্ত্রের জন্য শুভ নয়।
সিএনএন: এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি এখন কোথায় আছেন? একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুরসিকে কারাগারে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে...।
বেবলাউয়ি: মুরসির জীবনের নিরাপত্তার জন্যই তাঁকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
সিএনএন: জনগণের অনেকেই দ্বিধান্বিত যে এখন মিসরের ক্ষমতায় আসলেই কে আছে? আপনার সরকার, নাকি সেনাবাহিনী?
বেবলাউয়ি: আমি ও আমার মন্ত্রিপরিষদ যে দায়িত্বে আছে সেটা আমি জানি। আমরা মন্ত্রিপরিষদে বিস্তারিত আলোচনা করি, রাজনৈতিক নেতাদের সঙ্গেও। ঠিক যে মুহূর্তে আমি বুঝতে পারব বেসামরিক অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেই, সেই মুহূর্তেই পদত্যাগ করব।
l ভাষান্তর: মাহফুজার রহমান