দেশজুড়ে চলছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। চলছে জিনিয়াসের সন্ধান। প্রতিটি উৎসব থেকেই একজন জিনিয়াসের সন্ধান মিলছে। তবে কুলাউড়া থেকে সন্ধান মেলা জিনিয়াস ফাতেমা রউফ একটু ভিন্ন অন্য সব জিনিয়াসের চেয়ে। কেননা, ফাতেমা রউফই প্রথম মেয়ে জিনিয়াস, যে লড়বে ১০১ জন জিনিয়াসের সঙ্গে ঢাকার মূল পর্বে। কুলাউড়ার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা রউফ। কম্পিউটারের সঙ্গে তার পরিচয় অনেক দিনের হলেও ইন্টারনেটের সঙ্গে তার পরিচয় খুব বেশি দিনের নয়। তবে ইন্টারনেটের সঙ্গে পরিচয়ের প্রথম থেকেই ইন্টারনেটকে ব্যবহার করছে লেখাপড়ার কাজে। অতি সম্প্রতি যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করছে ইন্টারনেটকে। বিজ্ঞানের শিক্ষার্থী ফাতেমা চিকিৎসক হওয়ার স্বপ্ন বুকে লালন করলেও পালন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা। মনেপ্রাণে বিশ্বাস করে, মানুষ যে পেশাতেই থাকুক না কেন, যদি সে ভালো মানুষ হয়, তবে তার কাছে দেশ-জাতি কিছু না কিছু পাবেই। তার প্রিয় উক্তি, ‘লাইফ ইজ নট অ্যা বেড অব রোজেজ’। অর্থাৎ জীবন কখনোই শুধু সুখের হয় না, দুঃখ-কষ্টের মিলন হবেই সেখানে। আর কষ্টকে জয় করতে হবে পরিশ্রমের মধ্য দিয়েই। প্রিয় উক্তি থেকে এমনটিই শিক্ষা তার।শুধু ফাতেমাই নয়, তার ছোট ভাইও এসেছিল আই-জিনিয়াস প্রতিযোগিতায়। তবে তার ভাই এ যাত্রায় বেশি দূর এগোতে পারেনি। ভাইয়ের জন্য তার একটু মন খারাপও হয়েছে।আই-জিনিয়াস প্রতিযোগিতায় প্রথম মেয়ে হিসেবে আই-জিনিয়াস হতে পারায় তার গর্বটা একটু অন্য রকম। ফাতেমা মনে করে, এ প্রতিযোগিতায় আরও অনেক মেয়েই বিজয়ী হবে। এমনকি সারা দেশের মধ্যে সেরা আই-জিনিয়াস কোনো মেয়ে নির্বাচিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।‘ঢাকার চূড়ান্ত পর্বে বিজয়ী হওয়ার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? ফাতেমার উত্তর: ‘আমি দেশসেরা হতে চাই। এ প্রতিযোগিতা না হোক, আমি চাই এমন কিছু করতে, যাতে দেশের মানুষ আমাকে মনে রাখে আজীবন।’