আমি ভালোবাসি আমার নদীর বালুচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলভাব  অংশ-২
প্রিয় ২০১৩ সালের প্রাথমিক শিক্ষাসমাপনী শিক্ষার্থীরা শুভেচ্ছা রইল। আজ বাংলা বিষয়ের ৭নং প্রশ্ন অনুচ্ছেদ বা কবিতাংশটুকুর মূলভাব লেখো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রশ্নের নম্বর থাকবে ৫।
৪.
কবিতাংশ:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
মূলভাব: বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এ দেশে সবখানেই নদী দেখা যায়। ‘স্বদেশ’ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভেতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীতীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি—সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে।
৫. কবিতাংশ:
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা।
মূলভাব: ঘাসের ছোট ছোট ফুল অর্থাৎ ঘাসফুলের মুখ দিয়ে কবিতাটি বলানো হয়েছে। ঘাসফুল যে কী আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয়—সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলের তেমনই প্রাণ আছে।
৬. কবিতাংশ:
আমি ভালোবাসি আমার
নদীর বালুচর
শরৎকাল যে নির্জনে
চখাচখির ঘর।
মূলভাব: একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চখাচখিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা, সে-ও এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একট নদী কিন্তু দুই তীরের মানুষকে কী সুন্দর মিলিয়ে দিয়েছে।

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল