

শীতের দেশে গ্রীষ্মে ভ্রমণ এই প্রথম। এখানে গ্রীষ্ম মানে বিরাট হইচই ব্যাপার। সবাই ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ায়। বিবর্ণ গাছগুলো ফিরে পায় প্রাণ। বাড়ির আঙিনায় শোভা পায় বিচিত্র রঙের ফুল। এমনকি নাগরিক পথের ধারে, পরিকল্পিত উদ্যানেও রঙের ঝরনাধারা উপচে পড়ে। পথে পথে ফোটে বিচিত্র বুনোফুল। ঝকঝকে নীলাকাশের নিচে সোনারোদের ঝিকিমিকি প্রকৃতিতে ভিন্ন এক আবেদন তৈরি করে। চারপাশজুড়ে কেবলই বিস্তীর্ণ সবুজের সমারোহ।

নিউইয়র্কে তিন দিনের আন্তর্জাতিক বাংলা উৎসবে আলোকচিত্র প্রদর্শনী শেষে এখানকার পরম কাঙ্ক্ষিত গ্রীষ্ম-স্নানে বেরিয়েছি। সঙ্গে আছেন সাংস্কৃতিক কর্মী গোপাল স্যান্নাল। আমরা ঠিক করেছি প্রথমে ওজোন পার্কে ঘুরে ঘুরে ফুলের ছবি তুলব। নিউইয়র্কে বাড়ির লনগুলো খুব একটা ফাঁকা থাকে না। নিদেনপক্ষে দু-একটি গ্লাডিওলাসের ঝাড় হলেও থাকবে। তবে সব ফুল ছাড়িয়ে অ্যাজালিয়ার উজ্জ্বল রকমফের আমাদের সারাক্ষণ মাতিয়ে রাখে। অ্যাজালিয়া সুবিশাল রডোডেনড্রন গণের সদস্য। সারা পৃথিবীতে এদের অসংখ্য রকমফের চোখে পড়ে। এখানকার বাগানগুলোর কোথাও কোথাও রঙের সুসমঞ্জস তৈরির প্রয়াসও চোখে পড়ে। আছে বিচিত্র গোলাপ, ইয়ক্কা, আফ্রিকান লিলি, আইরিশ, গুলনার্গিস, চন্দ্রমল্লিকা, ডায়ান্থাস, ফ্লক্স, পিটুনিয়া, প্যানজি, ডিজিটালিস, ফক্সগ্লোভ, সালভিয়া ও বর্ণিল হাইড্রেনজিয়া। একটি বড়সড় ফুল দেখে প্রথমে ভেবেছিলাম ডালিয়া। গোলাপের মতোই মধুগন্ধি। কিন্তু ডালিয়ার তো সুবাস নেই। পাতা করতল আকৃতির। এটি আসলে ভিভিড রোজ। জাপানের প্রজাতি। সাদা ও গোলাপি রঙের ফুলই বেশি। আছে অনেক বাগানে। চন্দ্রমল্লিকা এবং কিছু নিম্নমানের চেরি এখানে একেবারেই বুনো। যেখানে ফুল নেই, সেখানে আবার বাহারি পাতার সৌন্দর্যও চোখধাঁধানো।

দুদিন পর নিউইয়র্ক থেকে যাত্রা করি আমেরিকার সমৃদ্ধ রাজ্য ভার্জিনিয়ার উদ্দেশে। পথের দুপাশের দৃশ্য দেখতে হলে বাসই উত্তম। বাসের জানালায় চোখ রেখেও তা-ই মনে হলো। দুপাশে ঘন গাছপালার আচ্ছাদন, শুধু সবুজ আর সবুজ। গাছের মধ্যে কষ্টসহিষ্ণু দেওদার আর পাইনই বেশি। ঘন ঝোপ আর লতার আচ্ছাদনও চোখে পড়ে। একেবারে কানায় কানায় উপচে পড়া সবুজ। কিন্তু এই উচ্ছ্বাস ক্ষণিকের। তারপর আবার দীর্ঘ শীতঘুম। পথের দুপাশে নিবিড় গাছপালা দেখে মনে হতে পারে পথটা হয়তো কোনো বনের ভেতর। আদতে তা নয়, নির্দিষ্ট এক্সিট নিয়ে বের হলেই চোখে পড়বে লোকালয়, দোকানপাট কিংবা কোনো স্থাপনা।

ওয়াশিংটন ডিসির ইউনাইটেড স্টেটস বোটানিক গার্ডেনে পাওয়া গেল বিচিত্র অর্কিড, পিচারপ্ল্যান্ট, লিলি আর রাজঘণ্টা। ফুটেছে ক্যাকটাসের বিচিত্র ফুলও। রাজঘণ্টার এত বড় ফুল আগে কখনো দেখিনি। জেফারসন মেমোরিয়ালের ঐতিহাসিক চেরিগাছগুলো ঘুরে দেখি। প্রতিবছর এখানেই চেরি ফোটার উৎসব হয়। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের যত্রতত্র উদয়পদ্মের (ম্যাগনোলিয়া গ্রান্ডিফ্লোরা) ছড়াছড়ি। তবে সেখানকার গাছ ও ফুল আকারে বেশ বড়। ভার্জিনিয়ায় প্রথম দিন খুব ভোরে ঘুম ভাঙল। পেছনের বারান্দায় এসে দাঁড়াই। বাতাসে চেনা কোনো ফুলের সুবাস। সামনে তাকিয়ে দেখি একটি বুনো লতার ঝোপ। দূর থেকে হ্যানিস্যাকল মনে হলো। কাছে গিয়ে দেখি, সত্যিই তো! আমাদের বাগানে সযত্নে ফোটা ফুলটি এখানে বুনো! আবার হিমালয় অঞ্চলেও প্রাকৃতিকভাবেই জন্মে। দ্য হিমালয়ান জার্নাল গ্রন্থে জে ডি হুকার লিখেছেন, [....] ‘হানিস্যাকল আর বিচুটির ঝাড় এতটাই শুকনো যে পায়ের চাপে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল।’ আরও মজার ব্যাপার হলো ভার্জিনিয়ার এমন একটি অঞ্চলও খুঁজে পাওয়া যাবে না, যেখানে হ্যানিস্যাকল নেই। আসলে গাছপালার তো নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখা নেই। এ কারণে হানিস্যাকলের পাশেই দেখি ফলভর্তি তুঁতগাছ।
এখানকার পথে পথে সুইট বে ম্যাগনোলিয়া নামের আরেকটি ফুল চোখে পড়ে। এটি ভার্জিনিয়ার নিজস্ব ফুল। বড় পাতার আরেকটি ম্যাগনোলিয়া দেখেও রীতিমতো অভিভূত। ফুল যেমন দশাসই, তেমনি পাতাও। ম্যাগনোলিয়া ম্যাকরোফিলা নামের এই ফুলটিও ভার্জিনিয়ার নিজস্ব। তবে নিরেট সত্য হচ্ছে, ওখানকার সব রঙের খেলা বাড়ির লনে ছোট গুল্ম বা ঝোপঝাড়েই সীমাবদ্ধ। সেখানে দূরের দিগন্তবিস্তৃত সবুজের ভেতর আমাদের সুউচ্চ শিমুল, পলাশ, পারিজাত বা জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার মতো কোনো উজ্জ্বল রঙের ফুল আলাদাভাবে বর্ণবৈচিত্র্য তৈরি করে না।
