আয়োজন-পদ্ধতি এখন অনুকরণীয় আদর্শ
বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত অলিম্পিয়াড আয়োজন দেশের জন্য এক বিরাট সাফল্য। এর আয়োজন-পদ্ধতি একটি মডেলে রূপ নিয়েছে। এই মডেল অনুসরণ করে দেশে বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ইনফরমেটিক অলিম্পিয়াডসহ বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।দেশে গণিত অলিম্পিয়াড আয়োজনের সফলতার জন্য প্রথম আলো বন্ধুসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে ড. জাফর ইকবাল বলেন, এত দিন শিক্ষার্থীরা কেবল বক্তৃতা শুনে এসেছে কিন্তু গণিত অলিম্পিয়াড সেই রেওয়াজ পাল্টে দিয়েছে। এখন শিক্ষার্থীরা মঞ্চে বক্তব্য দেয় আর শিক্ষকেরা বসে শোনেন।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিটি স্কুলশিক্ষার্থীর পেছনে সরকার বছরে পাঁচ হাজার ৪০০ ডলার ব্যয় করে। সেখানে আমাদের দেশ ব্যয় করে মাত্র এক হাজার ৩০০ ডলার। কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের অফুরন্ত প্রাণশক্তি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মেধা ও বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে চলেছে। ‘দেশের জন্য কাজ করব’ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্র্রেমের এই মনোভাব বেশি করে জাগাতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।কাউন্সিলের শুরুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান গণিত অলিম্পিয়াডের জাতীয় আসরে যোগদানকারী সারা দেশ থেকে আসা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক প্রতিনিধি, বন্ধুসভার সদস্য ছাড়াও জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সদস্যদের সামনে ১০ বছর ধরে দেশে গণিত অলিম্পিয়াড আয়োজনের নানা সাফল্য, সমস্যা ও উত্কর্ষের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দুটি প্রধান লক্ষ্য নিয়ে গণিত উত্সব আয়োজনের সূচনা হয়েছিল। একটি হলো, ১০ বছরের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক খেতাব এনে দেওয়া এবং ১০ বছরের মাথায় ২০ হাজার শিক্ষার্থীকে উত্সবে সম্পৃক্ত করা। দুটি সাফল্যই অর্জিত হয়েছে। ২০০৯ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে বাংলাদেশ খেতাব ছিনিয়ে এনেছে। আর ২০১২ সালে আয়োজনের দশম বছরে দেশের ১৭টি ভেন্যুতে মোট ২২ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।কাউন্সিলে আগামী ১০ বছর দেশে আঞ্চলিক ও জাতীয় গণিত উত্সব আয়োজনে বিভিন্ন পরিকল্পনা ও সুপারিশ গ্রহণ করা হয়েছে।সুপারিশগুলোর মধ্যে রয়েছে গণিত উত্সব আয়োজনে উত্কর্ষ ও দক্ষতা বৃদ্ধি করা। দেশের জেলা শহরগুলোর বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোর গণিতের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গণিত ক্যাম্প, কর্মশালার আয়োজন করা। ঢাকা থেকে দেশের বিশিষ্ট গণিতবিদদের পাঠিয়ে প্রতিটি ভেন্যুতে তিন দিনের গণিত ক্যাম্প করা। এ ছাড়া বছরজুড়ে সারা দেশে গণিত ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের গণিত চর্চার সুবিধার জন্য একটি পাঠ্যক্রম তৈরি করা।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু হাসান, মো. গাজীউল হক, ফেনী প্রতিনিধি মো. আবু তাহের, দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার, ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান, নোয়াখালী প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, গণিত উত্সবের সমন্বয়কারী বায়েজিদ ভূঁইয়া ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা বন্ধুসভার সভাপতি/সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকেরা কাউন্সিলে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।আসাদুল্নাহ্ সরকার