
সবে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছিল শারমিন। বয়স এখনো ১২ বছর হয়নি। ঠিক এ সময় বাজল তার বিয়ের সানাই। বর একই এলাকার ২০ বছর বয়সী তরুণ কাওসার। বাল্যবিবাহের কথা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হুদা ও মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার ছুটে আসেন। তাঁরা বিয়ে বন্ধ করে দেন। কিন্তু লাভ হলো না। দিনের বেলায় তাঁদের কথা মানলেও পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতেই বিয়ের জন্য তৎপর হয়ে ওঠেন ছেলে ও মেয়ের অভিভাবকেরা। রাতের অন্ধকারে বিয়ে হয়ে যায় শারমিনের। ঘটনাটি ঘটে ৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের পিরোজপুর গ্রামে।
বাংলাদেশ মহিলা পরিষদের জরিপের তথ্য বলছে, গত তিন বছরে দেশে ৩৫৫ জন কন্যাশিশুর বিয়ে হয়েছে, যাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের তথ্য নিয়ে মহিলা পরিষদ বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৬ জন কন্যাশিশুকে বিয়ে দেওয়া হয়েছে। ২০১২ সালে ৮৮ জন, ২০১১ সালে ৭৫ জন ও ২০১০ সালে ১৬৬ জন কন্যাশিশুর বিয়ে হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, সমাজের পুরুষতান্ত্রিক ভাবনার বদল না হলে কন্যাশিশুর বিয়ে বন্ধ করা যাবে না। শুধু সরকারি প্রচারণা নয়, বেসরকারিভাবেও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। কন্যাশিশুর বিয়ে বন্ধে বিশেষ করে পারিবারিক সচেতনতা বাড়ানো দরকার বলেও মনে করেন তিনি।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্যমতে, দেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ ১৮ বছরের কম বয়সী। তাদের মধ্যে ৪৮ শতাংশ হচ্ছে মেয়েশিশু। শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও আজও দেশে বহু মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছর পার হওয়ার আগেই।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্যমতে, বাংলাদেশে মেয়েদের বিয়ের গড় বয়স ১৫ বছর তিন মাস। পাশাপাশি ইউনিসেফের তথ্যমতে, কন্যাশিশুর বিয়ের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। গত ৩০ বছরে বিভিন্ন প্রচার-প্রচারণায় কন্যাশিশুদের বিয়ের সংখ্যা আনুপাতিক হারে কমলেও গ্রাম এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এখনো এই হার অনেক বেশি।
এ ছাড়া আইসিডিডিআরবি এবং প্ল্যান বাংলাদেশের যৌথ জরিপের মতে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করা ২৬ শতাংশ নারীর বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। নিরক্ষর নারীদের বেলায় এই সংখ্যা ৮৬ শতাংশ।
১৯২৯ সালের ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ সংশোধন করা হয় ১৯৮৪ সালে। আইন অনুযায়ী পুরুষের বিয়ের বয়স ২১ বছর, নারীর ১৮ বছর। ব্যতিক্রম হলে বিয়ের সঙ্গে জড়িত বর-কনের অভিভাবক, আত্মীয়, স্থানীয় কাজিসহ সবার শাস্তির বিধান রাখা হয়েছে। জড়িত পুরুষদের এক মাস পর্যন্ত বিনা শ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। বর ও কনে দুজন নাবালক হলে তাদের কোনো শাস্তি হবে না। বর সাবালক ও কনে নাবালিকা হলে ছেলের এক মাস পর্যন্ত বিনা শ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
অনুসন্ধানে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই বর ও কনেপক্ষের সমঝোতার কারণে বিয়ে নথিভুক্ত হয় না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে না। তা শহরের শিক্ষিত সমাজ হোক কিংবা প্রত্যন্ত গ্রামের কৃষকের ঘরেই হোক। আয়শা খানমের মতে, দারিদ্র্য, অসচেতনতা, সামাজিক নিরাপত্তার অভাব, যৌন হয়রানি ও কন্যাশিশুর প্রতি নেতিবাচক মনোভাবের কারণে কন্যাশিশুদের বিয়ে হচ্ছে বেশি। পাশাপাশি ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স বাড়ানোর ঘটনাও ঘটছে। দেখা যায়, সন্তান জন্ম দেওয়া ও লালন-পালন করা অল্প বয়সী মায়েদের পক্ষে সম্ভব হয় না। এই অবস্থায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকিও বাড়ছে।
২০০৮ সালের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্রে বলা হয়েছে, বাংলাদেশে কিশোরীদের মধ্যে মাতৃমৃত্যুর হার জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ ও শিশুমৃত্যুর হার প্রায় ৩০ গুণ এবং বাল্যবিবাহের শিকার মেয়েরা বেশির ভাগ সময় অসুস্থ থাকে। বিশেষ করে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা ও দুর্বলতায় ভোগে কিশোরী মায়েরা। ফলে তাদের গর্ভজাত শিশুর স্বাস্থ্য নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। অল্প বয়সে সন্তান ধারণের ফলে কিশোরী মায়ের শরীর ও মনের সমস্যা বাড়ে বলে পুরুষদের মধ্যে বহুবিবাহের প্রবণতা তৈরি হয়।
নারী ও শিশু অধিকারের বিষয়ে কাজ করেন, এমন কয়েকজনের অভিজ্ঞতা থেকে জানা গেছে, বিভিন্ন গ্রামগঞ্জের অধিকাংশ দরিদ্র পরিবার কন্যাসন্তানকে পরিবারের জন্য বোঝা মনে করে। ফলে ভরণপোষণের বাড়তি চাপ থেকে মুক্তি পেতে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। বয়স বেশি হলে যদি মেয়ের বিয়ে না হয়, এ ভয়েও থাকেন অনেকে। আর মধ্য আয়ের পরিবারের অভিভাবকদের মধ্যে ‘বিয়ে না হওয়ার’ ভয় বেশি কাজ করে। এ ছাড়া যৌন হয়রানি ও ইভ টিজিংয়ের ভয়েও অভিভাবকেরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেন।
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার বলেন, ‘দারিদ্র্য যেহেতু মানুষের সব মৌলিক চাহিদাকে কারারুদ্ধ করে, তাই প্রয়োজনের কাছে আইন অমান্যের ঘটনা বাড়ে। তা ছাড়া সুশিক্ষার অভাবও গুরুত্বপূর্ণ বিষয়। তাই কন্যাশিশুর বিয়ের ঘটনায় কেবল সে ও তার পরিবার আক্রান্ত হয় না, গোটা দেশই ক্ষতিগ্রস্ত হয়। দেশের উন্নয়নের জন্য তো নানা ধরনের উদ্যোগের খবর জানতে পারি, সেখানে কন্যাশিশুর বিয়ের বিষয়ে রাষ্ট্রীয় উদাসীনতা কখনো সচেতন নাগরিকের কাম্য হতে পারে না।’