আর মুঠোফোন বানাবে না ব্ল্যাকবেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক চেষ্টার পরও ব্যবসায়িকভাবে লাভবান হতে না পেরে অবশেষে কানাডার মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি নিজেরা মুঠোফোন তৈরি থেকে সরে আসছে। এখন থেকে প্রতিষ্ঠানটি শুধু স্মার্টফোনের নিরাপত্তা এবং সফটওয়্যার নিয়ে কাজ করবে। যন্ত্র তৈরির সব কাজ অংশীদার প্রতিষ্ঠানের ওপর হস্তান্তর করতে যাচ্ছে।
মূলত গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করার সর্বশেষ প্রচেষ্টাটি ব্যর্থ হওয়ার পরই প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূলধন বাঁচাতে ব্ল্যাকবেরি এখন নকশা এবং বিক্রির ক্ষেত্রে অন্যদের ওপর নির্ভর করবে।
ব্ল্যাকবেরির এই সিদ্ধান্তের ফলে মুঠোফোন শিল্পে গুরুত্বপূর্ণ একটি অধ্যােয়র সমাপ্তি ঘটবে। আধুনিক মোবাইল ফোনের প্রথম যুগে ব্ল্যাকবেরি ছিল সবচেয়ে আকর্ষণীয় হ্যান্ডসেট।
অন্য প্রতিষ্ঠানগুলোর মতোই সত্যিকার অর্থে ব্ল্যাকবেরি অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত ফোনের উত্থানের কারণে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে পারছিল না, যা বাজার থেকে ছিটকে পড়ার অন্যতম কারণ। ব্ল্যাকবেরি সফটওয়্যার আধুনিকায়নের প্রচেষ্টা সত্ত্বেও প্রতিষ্ঠানটি গত বছর ব্যবহারকারীদের খুবই কম মনোযোগ কাড়তে পেরেছে।
২০০৯ সালে সারা বিশ্বের মুঠোফোন বাজারের এক-পঞ্চমাংশ ছিল ব্ল্যাকবেরির দখলে। নকিয়ার পরেই ছিল তাদের অবস্থান। অথচ বর্তমানে মাত্র ১ শতাংশ তাদের ঝুলিতে। গত বুধবার ব্ল্যাকবেরি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। সেখানে তারা বলে, এই প্রান্তিকে তাদের মোট ক্ষতির পরিমাণ ৩৭ দশমিক ২ কোটি ডলার।
মোখেলছুর রহমান, সূত্র: সিনেট