আর হ্যাক করবেন না বারনাবি জ্যাক!

নিউজিল্যান্ডের আলোচিত হ্যাকার বারনাবি জ্যাক ২৫ জুলাই মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বারনাবি জ্যাকের বোন অ্যাম্বার্লি জ্যাক। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ব্ল্যাক হ্যাট সম্মেলনে ১ আগস্ট চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি কীভাবে হ্যাক করা যায় সে বিষয়টি উপস্থাপন করার কথা ছিল বারনাবি জ্যাকের।
মৃত্যুর কিছুদিন আগে পেসমেকার হ্যাকিংয়ের সাফল্য প্রসঙ্গে জ্যাক জানিয়েছিলেন, মানুষের শরীরে বসানো পেসমেকার বা হার্ট ইমপ্ল্যান্ট দূর থেকে হ্যাক করা সম্ভব। ৩০ ফুট দূর থেকেই তাঁর উদ্ভাবিত পদ্ধতি কাজ করতে পারবে বলেও জানিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রে আইওঅ্যাকটিভ নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের এমবেডেড ডিভাইস বিভাগের পরিচালক ছিলেন বারনাবি জ্যাক। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা তাঁকে হারিয়েছি সত্যি কিন্তু কোনদিন তাঁকে ভুলব না। ব্ল্যাক হ্যাট সম্মেলনে উপস্থাপনার জন্য এ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছিলেন জ্যাক।
২০১০ সালে এটিএম মেশিন হ্যাক করার পদ্ধতি উদ্ভাবন করে খ্যাতি পেয়েছিলেন জ্যাক। তাঁর উদ্ভাবিত পদ্ধতিটিকে বলা হয় ‘জ্যাকপটিং’।