আরএফআইডি প্রযুক্তিসহ স্মার্ট কাগজ
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে বেতারতরঙ্গ শনাক্তকরণ (আরএফআইডি) চিপ কাগজে যুক্ত করা যায়। এর ফলেই তৈরি হয়েছে নতুন স্মার্ট কাগজ। গবেষকেরা বলেছেন, এ ধরনের স্মার্ট কাগজ ব্যাংক নোট, দলিল, বাস, ট্রেন ও বিমানের টিকিট তৈরিতে ব্যবহার করা যেতে পারে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে গত ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত আরএফআইডি বিষয়ে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) সম্মেলনে স্মার্ট কাগজ তৈরির নতুন প্রযুক্তি উদ্ভাবনের বিষয়টি উত্থাপন করা হয়। সম্মেলনে বলা হয়, জাল নোটের লেনদেন ঠেকাতে এই প্রযুক্তি খুব কাজে লাগবে। এই প্রযুক্তিতে বেতারতরঙ্গ শনাক্তকরণ চিপ কাগজে সংযুক্ত করার জন্য আলোকরশ্মি ব্যবহার করা হয়।আরএফআইডি-সংবলিত কিছু স্মার্ট কাগজ ইতিমধ্যে বাজারে চলে এসেছে। তবে নর্থ ডাকোটার গবেষকদের নতুন উদ্ভাবিত এসব কাগজ আগের স্মার্ট কাগজের চেয়ে অনেক বেশি পাতলা। গবেষক দলের প্রধান অধ্যাপক ভ্যাল মারিনভ বলেছেন, প্রায় ১০ বছর আগে ব্যাংক অব জাপান এবং ইউরোপিয়ান ব্যাংক এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল। কিন্তু তারা সেটা করতে পারেনি। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সফলভাবে এই প্রযুক্তির ব্যবহার করতে পারব। আমাদের দলটি এখন এই প্রযুক্তির সফল ব্যবহারের জন্য বাণিজ্যিক অংশীদার খুঁজছে।’—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান